রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ জমার হিসাব
আট চিঠিতেও জবাব মিলল না
আটবার চিঠি দিয়েও সাভারে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হওয়া অর্থের হিসাব পাননি বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক।
গত বছরের ৯ জুলাই থেকে গত ১৯ জুন পর্যন্ত সময়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর এই বিষয়ে আটটি চিঠি দেন শাহদীন মালিক। এর সর্বশেষটা দেন গত ১৯ জুন। কিন্তু কোনোটারই জবাব মেলেনি বলে জানিয়েছেন এই আইনজীবী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং কৃষিমন্ত্রীর একান্ত সচিবকেও এই চিঠির কপি দেওয়া হয়।
সর্বশেষ চিঠিতে দ্রুত ক্ষতিপূরণ বিষয়ে পূর্ণাঙ্গ বিবৃতি/প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি করা হয়। অন্যথায় বিষয়টি গণমাধ্যমের নজরে আনা হবে বলে জানানো হয়। এমনকি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হওয়া অর্থের হিসাব এবং তা খরচের বিষয়ে জনগণকে জানাতে আইনি প্রক্রিয়া অবলম্বনের কথাও উল্লেখ করা হয় সর্বশেষ চিঠিতে।
সর্বশেষ চিঠিতে শাহদীন মালিক বলেন, এ পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১২৮ কোটি টাকা জমা হয়েছে। কিন্তু এই অর্থ কীভাবে খরচ হচ্ছে, এর বিস্তারিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা এখনো যথেষ্ট ক্ষতিপূরণ পায়নি বলে গণমাধ্যমে এসেছে। এর পরও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি বলে প্রতীয়মান হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, ‘বর্তমানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হওয়া সত্ত্বেও আপনাদের যথেষ্ট স্বচ্ছতার অভাব রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের প্রদেয় অর্থ ও তার ব্যয় বছর খানেক ধরে চলছে। তাই এই সংক্রান্ত অর্থের লেনদেনের ব্যাপারে বাৎসরিক অডিট/নিরীক্ষা সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।’
গত বছরের ২৪ এপ্রিল সকালে রানা প্লাজা ধসে পড়ে। এ ঘটনায় এক হাজার ১৩৬ জন মারা যান। এর বেশির ভাগই তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। আহত, পঙ্গু কিংবা কর্মচ্যুত হন আরও কয়েক হাজার শ্রমিক।
জানতে চাইলে শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, রানা প্লাজা ধসে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে এসে কাজ করেছে। এখনো কাজ করার সুযোগ আছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য তোলা অর্থের সঠিক ব্যবহার এবং ক্ষতিগ্রস্তরা এর সুবিধা সঠিকভাবে পাচ্ছে কি না, সেটা নিশ্চিত করার জন্যই তাঁর এই প্রয়াস। এটা সুশাসনের জন্য কাজ করারই অংশ। কিন্তু আশ্চর্য যে কারও টনক নড়ছে না।