আট চেয়ারম্যান ও ৩০ সদস্য প্রার্থীকে জরিমানা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাউরা ও জোংড়া ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আট চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০ সদস্য ও ১০ সংরক্ষিত মহিলা পদপ্রার্থীর কাছ থেকে এক লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার রাত আটটা থেকে ১২টা পর্যন্ত চলা এ অভিযানে বাউরা ও জোংড়া ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে মর্মে অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশিদের নেতৃত্বে অভিযান চালানো হয়।এ সময় দেয়ালে পোস্টার সাঁটা ও বিভিন্ন রঙের ব্যানার ব্যবহার করার দায়ে ৬ নম্বর বাউরা ইউনিয়নের তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুল হক বসুনিয়া, আবুল কালাম আজাদ ও নূর আহাম্মেদের কাছ থেকে পাঁচ হাজার করে ১৫ হাজার ও ১০ ইউপি সদস্যকে দুই হাজার করে ২০ হাজার এবং পাঁচ মহিলা সদস্য পদপ্রার্থীর কাছ থেকে তিন হাজার করে ১৫ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।৫ নম্বর জোংড়া ইউনিয়নের পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মাহমুদুন্নবী শাহীন, আনোয়ার হোসেন, আশরাফ আলী, হুমায়ুন কবীর ও সৈয়দ নূরে আলম খন্দকারের কাছ থেকে পাঁচ হাজার করে ২৫ হাজার এবং ১২ জন ইউপি সদস্যের কাছ থেকে তিন হাজার করে ৩৬ হাজার ও একজনের কাছ থেকে এক হাজার টাকাসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ জানান, কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।