আট চেয়ারম্যান প্রার্থীসহ ২৫ জনকে জরিমানা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গতকাল বুধবার আটজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য ও দুজন সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁদের ওই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম।
চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বামনডাঙ্গার রেজাউল হক (লাঙ্গল), সমেস উদ্দিন (চশমা), আবদুল গফুর (আনারস), শ্রীপুরের শাহদাত হোসেন (ধানের শীষ), কঞ্চিবাড়ির আবদুল করিম (চশমা), শান্তিরামের মিজানুর রহমান (অটোরিকশা), কঞ্চিবাড়ির মনোয়ার আলম (ধানের শীষ) ও ছাপরহাটির তাজুল ইসলাম (মোটরসাইকেল)। তাঁদের মধ্যে মনোয়ার ও তাজুলকে দুই হাজার করে ও বাকি ছয়জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থী হলেন বামনডাঙ্গার জমিলা বেগম ও ছাপরহাটির পারভীন সুলতানা। সাধারণ সদস্য পদে বামনডাঙ্গার নুরুজ্জামান, আবদুস সামাদ, আমিনুল ইসলাম, ইউনুস মোল্লা, তারাপুরে মোজাফ্ফর হোসেন, আতাউর রহমান, আবদুল মান্নান, শ্রীপুরে আবদুল খালেক, বেলকায় গোলজার রহমান, সানোয়ার হোসেন, শান্তিরামে আবদুল মজিদ, হায়দার আলী, ছাপরহাটিতে জহুরুল ইসলাম, রিয়াজুল ইসলাম ও রেজাউল করিম। সাধারণ ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।