আট জেলার হরতালে ককটেল, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ মঙ্গলবার টাঙ্গাইল, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী,  ও মাদারীপুরে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

এ ছাড়া জয়পুরহাট ও ফরিদপুরে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এবং রাজবাড়ীতে অর্ধদিবস হরতাল শেষ হয়েছে।

আট জেলার হরতালে বেলা দুইটা পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।তবে বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করেছে হরতালকারীরা। এইচএসসি পরীক্ষা এই হরতালের আওতামুক্ত।

নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লা

সকাল থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা নগরের লাকসাম সড়ক, মিডল্যান্ড হাসপাতাল ও বাদুড়তলা মোড়ে অবস্থান নেন। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা চেয়ার পেতে সড়কের পাশে বসে পড়েন। তবে তাঁরা কোনো ধরনের পিকেটিং করছেন না। শহরে রিকশা, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা চলছে। শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের অধিকাংশ দোকানপাট খোলা। জীবনযাত্রা স্বাভাবিক।

মাদারীপুর

আজ ভোরে মাদারীপুর শহরের যুব উন্নয়ন কেন্দ্রের সামনে ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে, ইট ও গাছ ফেলে অবরোধ করেন জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা থেকে টেকেরহাট পর্যন্ত কয়েকটি স্থানে গাছ কেটে অবরোধ করেন হরতালকারীরা। এ সময় তাঁরা সাকুরা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এলাকাবাসীর সহায়তায় সড়ক ও মহাসড়ক থেকে ইট ও গাছ সরিয়ে নেয় পুলিশ। সকাল ১০টা থেকে স্থানীয় ও দূরপাল্লার পরিবহন স্বাভাবিকভাবেই চলাচল শুরু করে।

বেলা সাড়ে ১০টার দিকে মাদারীপুর শহরের সুমন হোটেল এলাকায় হরতালের সমর্থনে সমাবেশ করে জেলা বিএনপি। সমাবেশ শেষে মিছিল শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

ফেনী

জেলা বিএনপির ডাকে হরতাল শুরুর আগেই আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহীপাল ও রামপুর রাস্তার মাথায় হরতাল-সমর্থকেরা আট থেকে ১০টি কাভার্ড ভ্যান ও ট্রাক ভাঙচুর করেন। এ ছাড়া শহরের মহীপাল, শহীদুল্লা কায়সার সড়ক, ট্রাংক রোড়সহ শহরের বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

সকালে শহরের ট্রাংক রোড়ে পিকেটাররা একটি ট্রাকে এবং মহাসড়কের রামপুর রাস্তার মাথায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের চেষ্টা করে। পুলিশের ধাওয়ায় পিকেটাররা পালিয়ে যায়। পরে যানবাহন ভাঙচুরের অভিযোগে মিজান রোড থেকে তিন পিকেটারকে আটক করে পুলিশ। এ ছাড়া গতকাল সোমবার রাতে বিএনপির দুজন ও জামায়াতের এক সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ।

হরতালের সমর্থনে বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহরে খণ্ড খণ্ড মিছিল করেছেন। শহরে রিকশা ছাড়া অন্য যানবাহন চলছে না। বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ শহরে হরতালবিরোধী মিছিল করেছে।

ফরিদপুর

ফরিদপুরে জেলা যুবদলের ডাকা হরতালে রাস্তায় কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। তবে চোরাগোপ্তাভাবে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে আটক করেছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের সরকারি ইয়াসিন কলেজের সামনে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। সাদিপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক ভাঙচুর করা হয়। এ ছাড়া শহরের ঝিলটুলি ও পূর্ব খাবাসপুর এলাকায় একটি ট্রাক ও একটি পিকআপ ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা।

গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া দাবি করেন, গত সোমবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন জায়গা থেকে মোট আটজনকে আটক করেছে পুলিশ।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, সোমবার রাতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হরতাল-সমর্থক পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে।

জয়পুরহাট

জয়পুরহাটে জেলা বিএনপির অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতাল-সমর্থকেরা শহরের মাড়োয়ারি পট্টিতে একটি ভটভটি ও রেলঘুমটি এবং নিউমার্কেটের সামনের রাস্তায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশা ভাঙচুর করেছেন।

হরতালের সমর্থনে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সকালের দিকে মিছিল করেন। হরতাল চলাকালে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তবে শহরের ধানমন্ডি, নতুনহাট ও কাঁচাবাজার এলাকার দোকানপাট খোলা ছিল। ব্যাংক, বিমা ও অফিস-আদালত খোলা থাকলেও মানুষের উপস্থিতি ছিল কম। আন্তজেলা বাস ও ভারী যানবাহন চলাচল করেনি। অন্যান্য যানবাহনের চলাচল স্বাভাবিক ছিল।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুর রশীদ জানান, হরতাল চলাকালে শহরে এবং শহরের বাইরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

টাঙ্গাইল

জেলায় ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে। সকালে শহরের আশেকপুর এলাকায় ছাত্রদলের কর্মীরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তা সরিয়ে ফেলে। হরতালের সমর্থনে সকাল ১০টার দিকে একটি মিছিল বের করে জেলা বিএনপি। হরতালে দোকানপাট ও ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তবে রিকশা ও টেম্পো চলাচল স্বাভাবিক রয়েছে।

লক্ষ্মীপুর

জেলার পাঁচটি উপজেলায় বিএনপির ডাকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালের সমর্থনে বিএনপির সমর্থকরা সদর উপজেলার মান্দারী বাজার, জকসিন বাজার, চন্দ্রগঞ্জ বাজার ও হাজিরপাড়ায় মিছিল করেছে। শহরে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। জেলার অভ্যন্তরে ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এদিকে সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহেরের নেতৃত্বে শহরে হরতালবিরোধী একটি মিছিল বের হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলার গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে।

রাজবাড়ী

সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। সকাল ১০টার দিকে রাজবাড়ী শহর বিএনপির কার্যালয়ের সামনে থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা হয়। তবে পুলিশ তাতে বাধা দেয়। পরে গোয়ালন্দ মোড়ে হরতালকারীরা একটি মিছিল করে। হরতালে অধিকাংশ দোকানপাট খোলা ছিল। কোনে ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।