আট জেলায় হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধে নেতা-কর্মীদের হত্যা-নির্যাতন-গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে হামলা-মামলার প্রতিবাদ ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে আজ বুধবার আট জেলায় হরতাল আহ্বান করা হয়েছে।
ঢাকার বাইরে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির ‘নিখোঁজ’ সভাপতি সাইফুল ইসলাম ওরফে হিরু এবং পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের সন্ধানের দাবিতে আজ হরতাল আহ্বান করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। একই দাবিতে গত সোমবার থেকে মনোহরগঞ্জ ও গতকাল থেকে নাঙ্গলকোট উপজেলায় হরতাল চলছে। চৌদ্দগ্রামে হরতাল ডাকা হয়েছে আজ ও কাল বৃহস্পতিবার।
ভোলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আজ অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে।
চাঁদপুরে গতকাল ১৮ দল ও পুলিশের সংঘর্ষে দুই কর্মী নিহত হওয়ার ঘটনায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
সিলেটের বিশ্বনাথের আট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বরখাস্তের প্রতিবাদ, ইলিয়াস আলীর সন্ধান ও বিএনপির আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ এই উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা ও নেতা-কর্মীদের পুলিশি হয়রানির প্রতিবাদ এবং শিমুল বিশ্বাসসহ বিএনপির আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে সিরাজগঞ্জে।
মাগুরায় ছাত্রদলের নেতা ফিরোজ আহমেদসহ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে ছাত্রদল।
বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে আজ অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে।
নীলফামারীর জলঢাকা পৌর জামায়াতের আমির হাজি মকবুল হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা জামায়াত।