আট জেলার উপকূলবর্তী অঞ্চল পানিতে তলিয়ে যাবে: প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে গত ২২ বছরে হিরন পয়েন্টে বঙ্গোপসাগরের উচ্চতা গড়ে চার মিলিমিটার বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩২ সেন্টিমিটার বাড়বে। সমুদ্রের এই উচ্চতা বাড়লে দেশের আটটি জেলার উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে।গতকাল রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে সার্ক মেটিওরোজিক্যাল রিসার্চ সেন্টারের গবেষণার তথ্য উল্লেখ করে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী সংসদে এ কথা জানান। তথ্য অনুসারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, সাতক্ষীরা ও বাগেরহাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।দুই দিন বিরতির পর কাল বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। সংসদে আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল, ২০১০ পাস হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল, ২০১০ সংসদে আনা হবে।তালুকদার মোহাম্মদ ইউনুসের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের মতো উপকূলবর্তী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই বাংলাদেশ পরিস্থিতি মোকাবিলায় ১০ বছরব্যাপী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এ জন্য প্রাথমিকভাবে সরকার নিজস্ব তহবিল থেকে ৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে। এর বাইরে দাতাদের সহায়তায় একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে।আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে বনজ সম্পদ বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য বনশূন্য সাত লাখ ৫৮ হাজার একর ভূমি সামাজিক বনায়নের আওতায় আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। মাহামুদুস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বৃক্ষনিধনের কারণে গত এক বছরে ৯৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বন-সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৫৯ হাজার ৫৭৩টি মামলা বর্তমানে বিচারাধীন।বিভিন্ন এয়ারলাইনসের কাছে পাওনা ৩১৬ কোটি টাকা: বিভিন্ন এয়ারলাইনসের কাছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৩১৬ কোটি ৭৮ লাখ ৪১ হাজার ৯০৬ টাকা পাবে। প্রশ্নোত্তরপর্বে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের এ কথা বলেন।মন্ত্রী জানান, ৫৪টি এয়ারলাইনসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে পাওনা ১৪৪ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ৪৩৫ টাকা, জিএমজি এয়ারলাইনসের কাছে ৩৭ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ১৭৪ টাকা, ইভা এয়ারের কাছে ১৬ কোটি ১১ লাখ ৭৮ হাজার ১০৪ টাকা, ভিয়েতনাম এয়ারলাইনসের কাছে ১৩ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৪৮৪ টাকা।