আট জেলায় আটক আরও ৬৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের শুরুতে গতকাল বুধবার থেকে শুরু হওয়া ১৮-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির প্রথম দিনেও যৌথ বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত দেশের আটটি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৫ জনকে আটক করা হয়। জোটের এটি ষষ্ঠ দফা অবরোধ কর্মসূচি। নাশকতা, ভাঙচুর, হামলাসহ বিভিন্ন অভিযোগে আটক হওয়া ব্যক্তিরা বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরার বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এঁদের মধ্যে দুজন বিএনপির ও বাকিরা জামায়াতের কর্মী। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, গাছ কেটে সড়ক অবরোধ ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জে রেলপথে আগুন লাগিয়ে নাশকতায় জড়িত সন্দেহে আম্বর মিয়া নামের এক শিবির কর্মীকে মঙ্গলবার বিকেলে আটক করা হয়। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে শমসেরনগর ও ভানুগাছ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থান জালালিয়া এলাকায় দুর্বৃত্তরা রেলপথে আগুন দেওয়ার চেষ্টা করে।
নাশকতার চেষ্টায় দায়ের করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত বিএনপির ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। হাতীবান্ধা থানার ওসি তাপস সরকার বলেন, জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে গতকাল দুপুরে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়।
লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের নয়জনকে আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ ছাড়া ফেনী শহরের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১০ জন, গাজীপুর জেলায় ১১ জন ও চাঁদপুর জেলায় ১৭ জনকে আটক করা হয়েছে।