আট জেলায় চলছে বিতর্ক উত্সব
‘যুক্তিতে মুক্তি’ স্লোগান নিয়ে আজ মঙ্গলবার দেশের আট জেলায় চলছে ‘পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উত্সব ২০১৩’। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের এই বিতর্ক উত্সব। ৬৪ জেলাকে ৩২টি ভাগে ভাগ করে এই উত্সব অনুষ্ঠিত হচ্ছে।
জেলাগুলো হলো কুমিল্লা, পাবনা, বাগেরহাট, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, যশোর ও ফেনী। গত ৩০ সেপ্টেম্বর থেকে সারা দেশে ‘পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উত্সব ২০১৩’ শুরু হয়। ৬৪ জেলাকে ৩২টি ভাগে ভাগ করে এই উত্সব অনুষ্ঠিত হচ্ছে।
জানা গেছে, আজ পটুয়াখালী অঞ্চলের পটুয়াখালী ও বরগুনা জেলার ১৬টি স্কুল, কুমিল্লা অঞ্চলের কুমিল্লা ও চাঁদপুর জেলার ১৫টি স্কুল, চুয়াডাঙ্গা অঞ্চলের ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার ১৫টি স্কুল, যশোর অঞ্চলের নড়াইল, মাগুরা ও যশোর জেলার ১৫টি স্কুল, ফেনী অঞ্চলের নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ১৪টি স্কুল, বাগেরহাট অঞ্চলের বাগেরহাট, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলার ১৪টি স্কুল, পাবনা অঞ্চলের পাবনা ও নাটোর জেলার ১১টি স্কুল ও নারায়ণগঞ্জ অঞ্চলের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ১০টি স্কুল অংশগ্রহণ করছে।
৩২টি আঞ্চলিক উত্সবের বিজয়ী ৩২টি দল নিয়ে আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী জাতীয় স্কুল বিতর্ক উত্সব। জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতা থেকে বাছাই করা ৩৫-৪০ জন বিতার্কিককে নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় বিতর্ক ক্যাম্প। উত্সবটি আয়োজন করেছে প্রথম আলো, পৃষ্ঠপোষকতা করছে পেপসোডেন্ট এবং সহযোগিতা করছে বন্ধুসভা ও এবিসি রেডিও। উত্সবের নানা তথ্য জানা যাবে: www.facebook.com/groups/NationalSchoolDebate এই ঠিকানায়।