আট জেলায় জনসভা করবেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আট জেলায় জনসভা করবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তিনি এসব জনসভায় ভাষণ দেবেন।ঘোষিত কর্মসূচি অনুযায়ী খালেদা জিয়ার প্রথম জনসভা হবে ৭ সেপ্টেম্বর নরসিংদীতে। এরপর ১৫ সেপ্টেম্বর রাজশাহীতে, ১৬ সেপ্টেম্বর রংপুরে, ২২ সেপ্টেম্বর খুলনায়, ২৮ সেপ্টেম্বর বরিশালে ও ৫ অক্টোবর সিলেটে জনসভা হবে। ঢাকা ও চট্টগ্রামের জনসভা ঈদুল আজহার পর অনুষ্ঠিত হবে। এ দুটি জনসভার তারিখ ঘোষণা করা হয়নি।গত শনি ও রোববার যথাক্রমে বিএনপির স্থায়ী কমিটি ও ১৮-দলীয় জোটের বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। এরপর গতকাল সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, খালেদা জিয়ার জনসভার আগে জোটের শরিক দলগুলোর নেতারা ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে গণসংযোগ করবেন। বিএনপির ৫৬টি প্রতিনিধিদল ৭৫টি রাজনৈতিক জেলা সফর করবেন।বিদেশিদের চাপে ‘নরম’ কর্মসূচি দেওয়া হচ্ছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিদেশি চাপ আসবে কেন? আমরা এসব কিছুতে বিশ্বাস করি না। ১৮ দল একটি গণতান্ত্রিক জোট। আমরা দেশে অনিশ্চিত ও অস্থিতিশীল পরিবেশ চাই না বলে সরকারকে আরও সময় দিতে এই কর্মসূচি দিয়েছি।’ তিনি বলেন, এই কর্মসূচি চলাকালে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। পরিস্থিতি বুঝে প্রয়োজনে নতুন কর্মসূচি দেওয়া হতে পারে।কর্মসূচি ঘোষণার আগে প্রধানমন্ত্রীর গত রোববারের সংবাদ সম্মেলনের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আওয়ামী লীগেরই দাবি ছিল। তা পরিবর্তনের জন্য জনগণের কোনো রায় তারা নেয়নি। ১৮-দলীয় জোট নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না। দেশের জনগণ ওই নির্বাচন প্রতিহত করবে।সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতা রেদোয়ান উল্লাহ শাহেদী, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, খেলাফত মজলিসের মজিবুর রহমান পেশোয়ারী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন।