আট জেলায় দেড় হাজার হেক্টর জমির ধান নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আবদুল হাই মুনশি এবার ৭৮ শতক জমিতে ধান চাষ করেছেন। এর মধ্যে প্রায় ৫০ শতক জমির ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। ওই জমি থেকে তাঁর আর ফসল পাওয়ার আশা নেই।
রোগাক্রান্ত খেতের পাশে দাঁড়িয়ে গত মঙ্গলবার দুপুরে তিনি বলেন, ‘১২-১৩ দিন আগে ধানের শিষের গোড়ার দিকে কালো কালো দাগ দেখা দিয়েছিল। খেতে ছত্রাকনাশক ছিটিয়েছিলাম। কিন্তু পাঁচ দিন পর ধানের শিষ শুকিয়ে সাদা হয়ে গেছে। মনের কষ্টে আর খেতে আসি না।’
তাঁর পাশের জমি নরেন্দ্রপুর গ্রামের বাবর আলী সরদারের। তিন বিঘা জমিতে তিনি ব্রি-২৮ জাতের ধান লাগিয়েছেন। ব্লাস্টে আক্রান্ত হয়ে তাঁর এক বিঘা জমির ধানের শিষ শুকিয়ে সাদা হয়ে গেছে। তিনি বললেন, ‘ধানের শিষের নিচে কালো দাগ দেখে এলাকার কৃষি বিভাগের লোককে খবর দিয়েছিলাম। তিনি আসেননি। পরে কীটনাশকের দোকান থেকে ওষুধ কিনে এনে ছিটিয়েছিলাম। কিন্তু কাজ হয়নি।’
শুধু আবদুল হাই কিংবা বাবর আলীর খেত নয়, খুলনা বিভাগের অনেক স্থানে বোরো ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর ও খুলনা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, এখানকার আটটি জেলায় ১ হাজার ৪২৬ হেক্টর ধানখেত ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। খুলনা অঞ্চলের ৪ জেলায় বোরো ধানের আবাদ হয়েছে ২ লাখ ২২ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে খুলনা জেলায় ৮২১, বাগেরহাটে ৯৫, সাতক্ষীরায় ৮৫ ও নড়াইলে ৮৪ হেক্টর জমিতে এই রোগ দেখা দিয়েছে। যশোর অঞ্চলের ৬টি জেলায় এবার আবাদ হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৯৭৩ হেক্টর জমি। এর মধ্যে যশোরে ১৬১, চুয়াডাঙ্গায় ৮৫, ঝিনাইদহে ৮২ ও কুষ্টিয়ায় দশমিক ১৩ হেক্টরে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। মাগুরা ও মেহেরপুরে এ রোগ দেখা যায়নি।
কৃষি কর্মকর্তা ও কৃষক সূত্রে জানা যায়, ব্লাস্ট রোগের মূল কারণ একধরনের ছত্রাকের উপস্থিতি। বীজ, বাতাস ও পোকার মাধ্যমে এ রোগ ছড়ায়। ঠান্ডা-গরম ও মেঘাচ্ছন্ন আবহাওয়ায় এর দ্রুত বিস্তার ঘটে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে যশোর ও খুলনা অঞ্চলে বোরো খেতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। দুভাবে রোগ ছড়ায়, যা লিফ ও নেক ব্লাস্ট নামে পরিচিত। লিফ ব্লাস্ট রোগে ধানগাছের খাদ্য তৈরি ও সরবরাহ বাধাগ্রস্ত হয়। এই রোগ দেখা দিলে ট্রাই-সাইক্লাজন গ্রুপের ছত্রাকনাশক ছিটিয়ে প্রতিকার পাওয়া যায়। নেক ব্লাস্ট দেখা দেয় শিষের নিচের অংশে। সেখানে কালো দাগ দেখা দেয়। এতে ধানের খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায়। শিষের সব ধান চিটা হয়ে যায়। ট্রাই-সাইক্লাজন গ্রুপের ছত্রাকনাশক ছিটিয়েও এতে তেমন ফল পাওয়া যায় না। ব্রি-২৮, ব্রি-৫০, ব্রি-৬১ ও ব্রি-৬৩ জাতের ধানে এই রোগ দেখা দিয়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ব্রি-২৮ ও ব্রি-৫০।
খুলনার ডুমুরিয়া উপজেলায় ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে ৭৩৫ হেক্টর জমির ধান। গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, যেসব খেত ব্লাস্টে আক্রান্ত হয়েছে, সেখানকার ধানগাছ শুকিয়ে যাচ্ছে। শিষে তুলনামূলক ধান অনেক কম। আবার অনেক ক্ষেত্রে শিষেই ধান চিটা হয়ে গেছে। উপজেলার গুতুদিয়া গ্রামের শেখ ইসমাইল হোসেন বলেন, তিনি এক বিঘা করে দুই স্থানে ব্রি-২৮ জাতের ধান চাষ করেছেন। একটি জমিতে ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়েছে।
উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি বিশ্বাস বলেন, কৃষক যে জমিতে মাছ চাষ করেন, শুষ্ক মৌসুমে সেখানেই ধান লাগান। মাছের জন্য যে সার ব্যবহার করা হয়, পরে তা ধানে ব্লাস্ট রোগ বিস্তারে প্রভাব ফেলে। এ ছাড়া এসব জমিতে অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করা হয়েছে।
সাতক্ষীরার কলারোয়ার পাকুড়িয়া গ্রামের নূর হোসেন বোরো চাষ করেছেন চার বিঘা জমিতে। জমি ইজারাসহ সব মিলিয়ে ৫২ হাজার টাকা খরচ হলেও ১০ হাজার টাকার ধান পাবেন কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনাঞ্চলের অতিরিক্ত পরিচালক নিত্য রঞ্জন বিশ্বাস বলেন, ‘রোগটি প্রতিহত করার জন্য আমরা নানাভাবে চেষ্টা করে যাচ্ছি। কর্মকর্তারাও রাতদিন পরিশ্রম করছেন। কৃষি বিভাগ প্রথম থেকেই তৎপর না হলে রোগটি মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারত।’
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন, নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা এবং খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা প্রতিনিধি