আট জেলায় নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুমিল্লার চৌদ্দগ্রাম, ঝিনাইদহের শৈলকুপা, বরিশালের গৌরনদী, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, সিলেটের দক্ষিণ সুরমা ও কিশোরগঞ্জের তাড়াইলে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার মাইক্রোবাসের চাপায় পল্লী বিদ্যুৎ সমিতির বেলকুচি আঞ্চলিক কার্যালয়ের বিল সরবরাহকারী সরোয়ার হোসেন (৩০) নিহত হন। নিহত ব্যক্তির বাড়ি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামে। গাইবান্ধা: গাইবান্ধা শহরের কাছে জামতলা এলাকায় গতকাল মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩২) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত তাঁর বাড়ি সাদুল্যাপুর উপজেলায়।চৌদ্দগ্রাম (কুমিল্লা): চৌদ্দগ্রামের সাতঘড়িয়া এলাকায় গতকাল একটি কাভার্ড ভ্যানের চাপায় একটি ট্রাক্টর উল্টে আরোহী চিওড়ার চরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আলম (১৬) নিহত হয়।ঝিনাইদহ: শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ-মোহাম্মদপুর এলাকায় বুধবার বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চার যাত্রী নিহত ও কমপক্ষে ৩৫ আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন হলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা গ্রামের বাসিন্দা শাহিন ও একই জেলার কাশিমপুর গ্রামের রায়হান উদ্দিন। অপর দুজনের পরিচয় জানা যায়নি।গৌরনদী (বরিশাল): ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল বেজগাতি এলাকায় বুধবার টরকীগামী মোটরসাইকেলের সঙ্গে ভুরঘাটাগামী অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে টরকিগামী মোটরসাইকেলের আরোহী পলাশ ঘরামি (২৬) নিহত হন। নিহত ব্যক্তির বাড়ি ভুরঘাটা গ্রামে।চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুর উপজেলার চকপুস্তুম এলাকায় বুধবার ট্রাক্টর চাপায় আবদুস সামাদ (৬৫) নামে একজন নিহত হন। তাঁর বাড়ি নাচোল উপজেলার বাউলগ্রামে।সিলেট: দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরের কাছে গতকাল একটি ট্রাক পেছন থেকে সিএনজিচালিত দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুটির দুই যাত্রী নিহত ও সাতজন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন বিশ্বনাথ উপজেলার বাসিন্দা যুক্তরাজ্য-প্রবাসী তছুরুদ্দিন (৫২) ও নিবাস দাস (৫৫)। তাড়াইল (কিশোরগঞ্জ): উপজেলার সাচাইল গ্রামে গতকাল শ্যালো-ইঞ্জিনচালিত অবৈধ যান টমটমের চাপায় রিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে সাচাইল গ্রামের চান মিয়ার মেয়ে। গত বুধবার তালজাঙ্গা বাজারের কাছে অটোরিকশার সঙ্গে একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ইটনা উপজেলার মৃগা গ্রামের রতীন্দ্র দেবনাথ (৫৫) নিহত হন।