আট জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, দিনাজপুর, লক্ষ্মীপুর, রাজবাড়ী, ঝিনাইদহ ও নোয়াখালী জেলায় বজ্রপাতে আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার ১৫ জনের মৃত্যু হয়েছে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল: আজ বেলা সাড়ে তিনটার দিকে জেলার মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ কাজীরচর গ্রামে বজ্রপাতে দুই সহোদরসহ তিনজন মারা গেছেন। কাজীরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মন্টু বিশ্বাস বলেন, বিকেলে এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় মাঠে গরু আনতে গিয়ে মারা যান দুই ভাই খোরশেদ আলম মোল্লা (৬৫) ও কবির হোসেন মোল্লা (৩৫) এবং একই এলাকার ইশতিয়াক মোল্লা (৬৫)।

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগর ও বিজয়নগর উপজেলায় বজ্রপাতে চারজন মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাসিরনগর উপজেলার বালিখোলা গ্রামের পাঁচ জেলে সকাল থেকে বেমালিয়া নদীতে মাছ শিকার করছিলেন। বেলা ১১টার দিকে ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়। তখন তাঁরা নদীপাড়ের একটি ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামের মন্তু মিয়া (৫৫), একই গ্রামের সহিদ মিয়া (৩২) ও জিনু মিয়ার (৩০) মৃত্যু হয়। আহত দুজন মিরাজ মিয়া (৪৫) ও রেশম মিয়াকে (৩০) নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আর বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, এই উপজেলায় নিহত যুবকের নাম আবদুল হান্নান (৩২)। তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের বাসিন্দা।

নরসিংদী: জেলার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের আটপাড়া গ্রামে গতকাল বজ্রপাতে দুজন মারা গেছেন। তাঁরা হলেন আটপাড়া গ্রামের আবদুস সালাম ও তাঁর স্ত্রী রেখা বেগম।

দিনাজপুর: জেলার নবাবগঞ্জ উপজেলায় বজ্রপাতে গতকাল আফছার আলীর (৬৫) মৃত্যু হয়েছে। আফছার আলী উপজেলার বিনোদনগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা। নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার বলেন, বৃষ্টি শুরু হলে আফছার আলী গরু বাঁধতে বাড়ির বাইরে বের হন। এ সময় বজ্রপাত হলে তিনি মারা যান।

এ ছাড়া আজ বজ্রপাতে লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলার চরজাঙ্গালীয়া এলাকায় নুর মোহাম্মদ (৪৯) ও তাঁর জামাতা মো. মহিন উদ্দিন (২২), রাজবাড়ীর পাংশা উপজেলায় গেদাই জোয়াদ্দার (৩০), ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে নবম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার ও নোয়াখালীর কবিরহাট উপজেলার দক্ষিণ সোনাদিয়া গ্রামে বেলাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি মারা যান।