আট জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২, আহত ৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া বাজারে গতকাল মঙ্গলবার একটি ট্যাক্সিক্যাবের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা রেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়। ঢাকার সাভারে কাঠবোঝাই রিকশাভ্যানের ধাক্কায় মারা গেছেন এক তরুণ।এ ছাড়া গত দুই দিনে রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, মৌলভীবাজার ও কক্সবাজারের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও ছয়জন মারা গেছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঢাকার বাইরে থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: বগুড়া: বিকেল চারটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় রংপুরগামী একটি ট্যাক্সিক্যাবের চালক নিয়ন্ত্রণ হারালে ক্যাবটি সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে বাঘোপাড়া বাজারে ঢুকে পড়ে। এ সময় ক্যাবের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়। পরে স্থানীয় রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বগুড়া সদরের বাঘোপাড়া উত্তরপাড়া গ্রামের সামছুদ্দিন ফকির (৫০) ও রামশহর গ্রামের আজিজুর রহমান (৪০)। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন।দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ক্যাবটি ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাস। বেলা ১১টার দিকে দর্শনা রেলক্রসিংয়ে পৌঁছার পর ট্রেনের ইঞ্জিনের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের আবদুল মালেক (৪০) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী গ্রামের ওয়াসিম আলী (৪৫)। তাঁরা দুজনই বাসযাত্রী। এ ঘটনায় আহত হয় ৩০ জন। চুয়াডাঙ্গা স্টেশনমাস্টার আবদুল খালেক জানান, কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী ট্রেনের জন্য ইঞ্জিনটি চুয়াডাঙ্গা থেকে দর্শনায় যাচ্ছিল। সাভার: সকালে তিন তরুণ বন্ধু রাহাদুল, ইফতেখার ও হাবিবুর মিলে ছবি তুলতে মোটরসাইকেলে করে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট-সংলগ্ন এলাকায় কাঠবোঝাই একটি রিকশাভ্যানের সঙ্গে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খায়। এতে তিনজন আহত হন। রাহাদুল ও হাবিবুরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে রাহাদুল (১৮) মারা যান। তাঁর বাড়ি আশুলিয়ার রোয়ইল গ্রামে। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, মোটরসাইকেলের চালকের ভুল সিদ্ধান্তের কারণে এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী: পুঠিয়া উপজেলার ঝলমলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র লিমন ঘোষ (৬) গতকাল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে রাজশাহী-নাটোর সড়কে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার ঝলমলিয়া ঘোষপাড়ায়। এ ঘটনায় ঝলমলিয়া প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই সড়ক অবরোধ করে রাখে। গত সোমবার রাজশাহী নগরের তালাইমারী এলাকায় ট্রাকচাপায় অসীম কুমার মালাকার নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান। তাঁর বাড়ি নগরের শিরোইল এলাকায়।কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কুমিল্লা-সিলেট মহাসড়কে কসবার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামে সোমবার রাতে গাড়িচাপায় সৌকত আলী (৩০) নামের এক ব্যক্তি মারা যান। কসবা থানার উপপরিদর্শক আবদুল আউয়াল জানান, সৌকত আলী ডাকাত ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বদরগঞ্জ (রংপুর): বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ডাঙ্গাপাড়ায় সকালে ইটবোঝাই একটি ট্রাক্টরের চাপায় মনজুরুল হক খান (৩০) নামের এক ব্যক্তি মারা যান। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচখুঁড়ি গ্রামে বলে পরিবার সূত্রে জানা যায়।শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সুরমাভেলি এলাকায় দুপুরে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে আঁখি আক্তার (৮) নামের এক শিশু মারা গেছে। সে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আতিক উল্লাহর মেয়ে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ট্রাকটি আটক হয়েছে। চালক পলাতক। আঁখির মামা বাদী হয়ে থানায় মামলা করেছেন।টেকনাফ (কক্সবাজার): টেকনাফ-শামলাপুর সড়কের নোয়াখালিয়াপাড়ায় সকালে যাত্রীবাহী চান্দের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার সময় পথে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিষবনিয়া গ্রামের নবী হোসেন (১৯) মারা যান।