আট জেলায় হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের হত্যা-নির্যাতন-গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে হামলা-মামলার প্রতিবাদ ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে আজ বুধবার আট জেলায় হরতাল আহ্বান করা হয়েছে।

এদিকে একই দাবিতে গতকাল মঙ্গলবার তিনটি জেলায় অবরোধের পাশাপাশি শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা হয়। ঢাকার বাইরে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির ‘নিখোঁজ’ সভাপতি সাইফুল ইসলাম ওরফে হিরু এবং পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের সন্ধানের দাবিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। একই দাবিতে গত সোমবার থেকে মনোহরগঞ্জ ও গতকাল থেকে নাঙ্গলকোট উপজেলায় হরতাল চলছে। চৌদ্দগ্রামে হরতাল ডাকা হয়েছে আজ ও কাল বৃহস্পতিবার।

ভোলায় সোমবার পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় গতকাল পুলিশ তিনটি মামলা করেছে। এতে আসামি করা হয়েছে সহস্রাধিক নেতা-কর্মীকে। এসব মামলার প্রতিবাদে আজ জেলায় অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে।

চাঁদপুরে গতকাল ১৮ দল ও পুলিশের সংঘর্ষে দুই কর্মী নিহত হওয়ার ঘটনায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। জেলা ১৮-দলীয় জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। নিহত কর্মীরা হলেন ছাত্রদলের তাজুল ইসলাম ও ছাত্রশিবিরের সিয়াম মস্তান।

সিলেটের বিশ্বনাথের আট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বরখাস্তের প্রতিবাদ, ইলিয়াস আলীর সন্ধান ও বিএনপির আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ এই উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা ও নেতা-কর্মীদের পুলিশি হয়রানির প্রতিবাদ এবং শিমুল বিশ্বাসসহ বিএনপির আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে সিরাজগঞ্জে।

মাগুরায় ছাত্রদলের নেতা ফিরোজ আহমেদসহ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে ছাত্রদল। জেলা বিএনপি এ কর্মসূচিতে সমর্থন দিয়েছে। গতকাল শহরের স্টেডিয়ামপাড়ার বাড়ি থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (একাংশের) ফিরোজকে পুলিশ গ্রেপ্তার করে।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে আজ অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে।

নীলফামারীর জলঢাকা পৌর জামায়াতের আমির হাজি মকবুল হোসেনকে (৪৩) গ্রেপ্তারের প্রতিবাদে আজ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা জামায়াত। সোমবার রাতে পৌর এলাকার উত্তর বগুলাগাড়ি গ্রাম থেকে মকবুল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে।

তিন জেলায় হরতাল পালিত: বগুড়ায় ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন গতকাল শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। তবে হরতাল শুরুর আগের রাতে নাশকতা ঠেকাতে রেললাইন পাহারা দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন আজাদুল ইসলাম (৪০) নামের এক আনসার সদস্য। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোরে ছাত্রদলের নেতা সাইফুজ্জামান ওরফে সুজন হত্যার প্রতিবাদে ডাকা তিন দিনের হরতালের প্রথম দিন গতকাল জেলায় জনজীবন কার্যত অচল হয়ে পড়ে।

নওগাঁর বদলগাছি উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে গতকাল উপজেলা সদরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।