দেশের আট জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০ জনের। এর মধ্যে পাবনার সুজানগরে বাসচাপায় ইঞ্জিনচালিত নসিমনের আরোহী শিশুসহ তিনজন নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে গত ১৭০ দিনে দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১ হাজার ৬৭৬ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
পাবনার সুজানগরে নিহত ব্যক্তিরা হলেন সাঁথিয়া উপজেলার ভৈরবপুর গ্রামের মিরাজুল ইসলাম (৩০), চিনাখড়া গ্রামের শিপন হোসেনের মেয়ে রিয়া খাতুন (২) ও চর দুলাই গ্রামের আশরাফ মণ্ডলের স্ত্রী নবিরন বেগম (৫৫)। পাবনা-ঢাকা মহাসড়কে উপজেলার চিনাখড়া এলাকায় গতকাল বেলা ১১টার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থেমে থাকা একটি ইঞ্জিনচালিত নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পথচারী মিরাজুল ইসলাম নিহত হন। আহত অবস্থায় নসিমনের পাঁচ যাত্রীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে শিশু রিয়া ও নবিরন বেগম মারা যান।
সাতক্ষীরার কালীগঞ্জে কালীগঞ্জ-শ্যামনগর সড়কের পাউখালীতে সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাসের সামনের একটি চাকা খুলে গেলে বাসটি ডান পাশে কাত হয়ে পড়ে যায়। এতে অগ্রণী ব্যাংকের শ্যামনগর সদর শাখার ব্যবস্থাপক মফিজুল ইসলাম, শ্যামনগরের বংশীপুর শাখার ব্যবস্থাপক প্রবীর সরকার (৩৫), ব্যাংকের কয়েকজন কর্মকর্তাসহ ৩০ জন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় সকালে রাস্তা পারাপারের সময় পাথরবোঝাই ট্রাকচাপায় ইয়াছিন মিয়া (২২) নামের এক যুবক নিহত হন। তিনি চাঁদপুরের মতলবের বড় দুর্গাপুর এলাকার শহিদুল্লার ছেলে।
বগুড়ার শেরপুরে দুপুরে একটি বিকল ট্রাককে অপর একটি ট্রাক রশি দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় রশি ছিঁড়ে গেলে বিকল ট্রাকটির নিচে চাপা পড়ে প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৪২) নিহত হন। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের হুসনাবাদ গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খলসি গ্রামে দুপুরে ভটভটির চাপায় মলি খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সে খলসি গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।
নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর সেতুর কাছে দুপুরে ট্রাকচাপায় হৃদয় হোসেন (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়। সে উপজেলার রানীগ্রাম ফকিরপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে ও রানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। বেলা ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোলে একটি ট্রাক পাওয়ার টিলারকে ধাক্কা দিলে টিলারের চালক আরিফ হোসেন (২৫) গুরুতর আহত হন। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ভাগ্যকুল-মাওয়া বেড়িবাঁধ এলাকার হরেন্দ্রলাল স্কুলের সড়কে সকালে মাটি টানার ট্রলির চাপায় অনিক রাজবংশী (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়। সে ভাগ্যকুল গ্রামের শ্যামল রাজবংশীর ছেলে। ওই ঘটনায় গুরুতর আহত দুজন হলেন অনিকের দাদি গোলাপি রাজবংশী (৬০) ও ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী শিউলি আক্তার (১৩)। তাঁদের ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুরের শেরপুর-শ্রীবরদী সড়কের মোবারকপুরে মঙ্গলবার রাতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আলমাছ মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি শ্রীবরদীর চিথলিয়া গ্রামের বাসিন্দা ও জেলা সদরের একটি চালকলের শ্রমিক ছিলেন।