আট জেলে নিখোঁজ পাঁচ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের সোনারচর নামক এলাকায় সশস্ত্র ডাকাতদের হামলার শিকার হয়ে এফবি তানজিলা নামের একটি ট্রলারের আট জেলে পাঁচ দিন ধরে সাগরে নিখোঁজ রয়েছেন। গত সোমবার ডাকাতদের হামলায় এফবি রানা নামের আরেকটি ট্রলার ডুবে যায়। তবে এই ট্রলারের ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এফবি রানার মাঝি নাসির উদ্দিনের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি তানজিলার হাবিবুর রহমান নামের এক জেলের খোঁজ পাওয়া গেলেও অন্য আট জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হাত-পা বাঁধা অবস্থায় ওই জেলেদের সাগরে সলিলসমাধি হয়েছে।
নিখোঁজ জেলেরা হলেন: শুক্কুর আলী, নজরুল ইসলাম, আ. ছত্তার, লিটন মিয়া, মো. মাসুম হোসেন, কালু মিয়া, সিরাজ উদ্দিন ও জামাল হোসেন। তাঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি, কাঁঠালতলী ও পাথরঘাটা সদর ইউনিয়নে।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ডাকাতদের হামলার শিকার হয়ে এফবি রানার ১০ জেলেকে সোমবার রাতে সাগর থেকে ভাসমান অবস্থায় এফবি ভাই ভাই নামের ট্রলারের জেলেরা উদ্ধার করেন।
এদিকে এফবি তানজিলা ট্রলারের মালিক নূরুল আলম জানান, সোমবার দুপুরের পর এফবি ভাই ভাই, এফবি রানা ও এফবি তানজিলা সাগরে মাছ ধরছিল। এ সময় ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দস্যুবাহিনী নয় জেলেসহ এফবি তানজিলাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে ওই ট্রলারের ধাক্কায় এফবি রানার তলা ফেটে ডুবে যায়। এফবি ভাই ভাইয়ের জেলেরা ওই ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
এফবি তানজিলার নিখোঁজ নয় জেলের মধ্যে হাবিবুর রহমানকে বৃহস্পতিবার সাগর থেকে চট্টগ্রামের বেঙ্গল ফিশারিজের এফবি যৌথ উদ্যোগ নামের একটি মাছধরা জাহাজের শ্রমিকেরা উদ্ধার করেন। বেঙ্গল ফিশারিজের ব্যবস্থাপক আশিষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন।