আট ডাকাত ও তিন ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার ও মানিকগঞ্জে রড-বোঝাই দুটি ট্রাক ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আট ডাকাত ও তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাঁরা হলেন: ডাকাত অমল কর্মকার (২৮), আবদুল মান্নান (৩৫), শাহীন (৩০), রিপন (২৭), প্রদীপ (২৬), ইসমাইল হোসেন (২৬), রাসেল (২০) ও চাংকু (২৫) এবং রড ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন (৫২), গোলাম হোসেন (৫৫) ও গোলাম মোস্তফা (৪৫)।মানিকগঞ্জের ঘিওর থানার পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকা থেকে রড-বোঝাই একটি ট্রাক ছিনতাই হয়। ডাকাতেরা দুটি খালি ট্রাক দিয়ে পাটুরিয়াগামী রড-বোঝাই ট্রাকটির গতিরোধ করেন। এরপর তাঁরা ট্রাকে উঠে প্রথমেই চালক বাচ্চুর (৩৫) দুই হাতের কবজি কেটে ফেলেন আর সহকারী নজীরকে (৩৪) বস্তার ভেতরে ভরে রাখেন। পরে ডাকাতেরা চালক আর সহকারীকে মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় ফেলে দিয়ে ট্রাক নিয়ে চলে যান।এদিকে সাভার থানার পুলিশ জানায়, গত ১৩ জুলাই রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকা থেকে রড-বোঝাই আরও একটি ট্রাক ছিনতাই হয়।সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হোসেন জানান, ট্রাকচালক নজরুল ইসলামের ছিনতাই হওয়া মুঠোফোনের কল লিস্টের সূত্র ধরে ২০ আগস্ট গ্রেপ্তার করা হয় প্রদীপ ও ইসমাইলকে। এরপর গ্রেপ্তার করা হয় রাসেল ও চাংকুকে। এই চারজনই জেলহাজতে রয়েছেন। গত দুই দিনে গ্রেপ্তার করা হয় ডাকাত আবদুল মান্নান ও শাহীনসহ ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন ও গোলাম হোসেনকে। গতকাল সোমবার ঘিওর থানার পুলিশ গ্রেপ্তার করে রিপনকে। ঘিওর থানার উপপরিদর্শক আসাদুজ্জামান তালুকদার বলেন, ঘিওর থানা এলাকা থেকে ট্রাক ছিনতাইয়ে নেতৃত্ব দেন মান্নান ও রিপন। মান্নান ভোলা সদর উপজেলার বাসিন্দা। সাভারের হেমায়েতপুর থেকে ভাঙারির ব্যবসা করেন তিনি। তাঁরা হেমায়েতপুর এলাকা থেকে ট্রাক ছিনতাইয়ের সঙ্গেও জড়িত ছিলেন।এসআই মো. আবুল হোসেন জানান, ট্রাক ছিনতাইয়ের পর মুন্সিগঞ্জের শ্রীনগর ও ঢাকার কেরানীগঞ্জ থেকে ট্রাক দুটি উদ্ধার করা হয়। আর রড উদ্ধার করা হয় ঢাকার নয়াবাজার ও বসিলা এলাকা থেকে। ছিনতাই হওয়া রড কেনার অভিযোগে গ্রেপ্তার করা হয় তিন ব্যবসায়ীকে।