ইউনিয়ন পরিষদের (ইউপি) কাজে ‘হস্তক্ষেপ’ বন্ধ করাসহ আট দফা দাবি মানা না হলে আগামী মাসে আন্দোলনে যাবেন ইউপি চেয়ারম্যানরা। গতকাল মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের (বিইউপিএফ) জাতীয় কাউন্সিলে চেয়ারম্যানরা এ কথা জানিয়েছেন।কাউন্সিলে ইউপি চেয়ারম্যানরা বলেন, রাজনৈতিক পরিচিতি ভিন্ন ভিন্ন হলেও তাঁরা এবার একতাবদ্ধভাবে পথে নামবেন।গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত কাউন্সিলে সারা দেশ থেকে সাড়ে ৬০০ চেয়ারম্যান যোগ দেন। মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির সহযোগিতায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।বিইউপিএফ সভাপতি ও গাইবান্ধার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। নিজেদের রক্ষা করতে হবে এবং ক্ষমতা ফিরিয়ে আনতে হবে।’নির্বাচিত হওয়ার পর এই প্রথম দেশের সব কটি জেলা থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা একত্র হলেন। প্রায় সব অঞ্চলের চেয়ারম্যানরা অভিযোগ করেন, তাঁরা নিজ নিজ এলাকার মানুষকে সেবা দিতে পারছেন না। প্রায় সব জায়গায় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে বিরোধ রয়েছে, আবার উপজেলা চেয়ারম্যানরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ওপর চাপ দিচ্ছেন। অনেকে অভিযোগ করেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষকে সেবা দিতে গিয়ে তাঁরা ক্ষমতাসীন দলের নেতাদের বাধার মুখে পড়ছেন।বিইউপিএফের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম যে আট দফা দাবি উত্থাপন করেন, তার মধ্যে রয়েছে: সংবিধান ও আইনের পরিপন্থী পরিপত্র জারি বন্ধ এবং সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করা, টিআর, কাবিখা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, ভূমি হস্তান্তর করের ১ শতাংশসহ সব ধরনের বরাদ্দ সরাসরি ইউনিয়ন পরিষদকে দেওয়ার ব্যবস্থা করা এবং ইউনিয়ন পরিষদ ও উপজেলার সম্পদ ও আয়ের খাতগুলো সুনির্দিষ্ট করে হাটবাজার, জলমহাল, খেয়াঘাট, শ্যালোঘাট ও খাসজমি ইজারা দেওয়ার ক্ষমতা ইউপিকে হস্তান্তর করা।একাধিক ইউপি চেয়ারম্যান বলেন, টিআর কমিটিতে ক্ষমতাসীন দলের লোকজন যুক্ত হচ্ছেন এবং তাঁরা টিআর বরাদ্দে হস্তক্ষেপ করছেন। এ ছাড়া প্রধান রাজনৈতিক দলের সমর্থন ছাড়া নির্বাচিত চেয়ারম্যানরা সরকার ও দলের কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন।ইউনিয়ন পরিষদের নেতারা ইউনিয়ন পরিষদ আইনের ৩৪ নম্বর ধারায় চেয়ারম্যান ও সদস্যদের সাময়িক বরখাস্ত করা এবং ৭৭ (খ ও গ) ধারায় পরিষদ বাতিল ও পুনর্নির্বাচনের যে বিধান আছে, তা বাতিলের দাবি জানান।বিইউপিএফ গতকালের নির্বাচনে মাহবুবুর রহমান, চেয়ারম্যান, সাহাপাড়া ইউপি, গাইবান্ধা; সিরাজুল হক, চেয়ারম্যান, পাতলি ইউপি, জগন্নাথপুর, সুনামগঞ্জ এবং মো. মুর্শেদ আলম, চেয়ারম্যান, হবিরবাড়ী ইউপি, ভালুকা, ময়মনসিংহ যথাক্রমে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মোট ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।