আট দফা দাবি না মানলে কাল থেকে দেশব্যাপী ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্ছেদের আগে জরুরি ভিত্তিতে ঢাকার সায়েদাবাদ ট্রাকস্ট্যান্ডের বিকল্প টার্মিনাল নির্মাণসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এ দাবি পূরণ না হলে আগামীকাল রোববার থেকে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছেন সংগঠনটির নেতারা।
গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় আয়োজিত শ্রমিক সমাবেশ থেকে সংগঠনের নেতারা ওই ঘোষণা দেন। এতে বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের পাগলা শাখার সভাপতি সাব্বির হোসেন সভাপতিত্ব করেন। আট দফা দাবির পক্ষে আজ শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংগঠনটির নেতারা বৈঠক করবেন। সেখানে সমস্যার সমাধান না হলে আগামীকাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘট আহ্বান করা হয়েছে। এর আগে আট দফা দাবির পক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলায় শ্রমিক সমাবেশ করা হয়।
সংগঠনটির দাবির মধ্যে রয়েছে প্রতিটি জেলায় ট্রাকস্ট্যান্ড স্থাপন করা, দিনের বেলা ঢাকা শহরে দেড় হাজার ও তিন হাজার কেজি মালামাল পরিবহনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মডেলের অজুহাতে গাড়ি বাতিল না করা ও রেজিস্ট্রেশন-সংক্রান্ত জটিলতা দূরীকরণ, সব সড়ক-মহাসড়কে পুলিশ ও হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও চুরি-ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা, রেকার-বাণিজ্য বন্ধ করা, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ব্যবস্থা, দুর্ঘটনার ক্ষেত্রে একতরফাভাবে ট্রাকচালকদের দোষারোপ না করা ও নিয়োগপত্রের ব্যবস্থা করা।
গতকালের সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণবিষয়ক সম্পাদক কাউসার আহমেদ। তিনি বলেন, ‘আমাদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়েছি। এ আন্দোলন রাস্তায় ট্রাক চলাচলে যেসব প্রতিবন্ধকতার কারণে ট্রাকচালক ও শ্রমিকেরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন, তার বিরুদ্ধে। আমাদের দাবি কালকের মধ্যে (আজ শনিবার) না মানলে রোববার থেকে সারা দেশে লাগাতার ধর্মঘট শুরু হবে।’
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রুস্তম আলী খান। আরও বক্তব্য দেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভারস ইউনিয়নের সভাপতি মনির তালুকদার, বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, চট্টগ্রাম আন্তজেলা ট্রাক মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রুবেল, টঙ্গী-গাজীপুর ট্রাক চালক ও মালিক সমিতির নেতা মালেক মাস্টার প্রমুখ।