আট দফা দাবিতে খুলনা বিভাগীয় মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন জাতীয়কৃত শিক্ষকদের শতভাগ চাকরি নিশ্চিত করা, তাঁদের স্বপদে ও সবেতনে আত্তীকরণ করাসহ আট দফা দাবিতে খুলনা বিভাগীয় মহাসমাবেশ করেছে বিসিএস শিক্ষা অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার বিকেলে খুলনা নগরের খালিশপুরের সরকারি হাজী মুহম্মদ মুহসিন কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি হাজী মুহম্মদ মুহসিন কলেজ ইউনিট শাখার সভাপতি মো. নাজমুল আহসান। প্রধান অতিথি ছিলেন বিসিএস শিক্ষা অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান গাজ্জালী।

অ্যাসোসিয়েশনের অন্য দাবিগুলো হলো বেসরকারি আমলের অধ্যক্ষকে পদায়ন না করে সরকারিভাবে কোনো নতুন অধ্যক্ষ নিয়োগ না দেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বৈত প্রশাসন (ক্যাডার, নন-ক্যাডার) বিভাজন না করা, জাতীয়করণের তারিখ থেকে নিয়োগ দিয়ে একই তারিখে নিয়মিতকরণ করা, বেসরকারি আমলের সব শিক্ষককে নিয়োগ দেওয়া (আইনগত জটিলতা থাকলে সংশোধন করে), সম্মান কোর্সের জন্য নিয়োগকৃত নন এমপিওভুক্ত শিক্ষকদেরও আত্তীকরণ করা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষাসহ (মাউশি) সংশ্লিষ্ট অফিসে নিরপেক্ষ প্রশাসন নিয়োগ দেওয়া, যাতে আত্তীকৃত শিক্ষকেরা কোনো হয়রানির শিকার না হন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা নন-ক্যাডার করার এ ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। এ দেশের মাটিতে শিক্ষা ক্যাডারে কোনো বিভাজন করা যাবে না।