আট দফা দাবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সরকারি কলেজে যাতায়াতের লিংক রোডসমূহ সংস্কারসহ আট দফা দাবিতে গতকাল রোববার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
আট দফা দাবির অন্যগুলো হলো গ্রন্থাগারে নতুন সংস্করণের বই সংরক্ষণ ও দৈনিক পত্রিকা সরবরাহ; আবাসন-সংকট নিরসনে হোস্টেল নির্মাণ; ভর্তি-সংকট নিরসনে আসনসংখ্যা বৃদ্ধি; ইন্টারমিডিয়েট ক্যাম্পাসে নতুন ভবন নির্মাণ ও ল্যাবরেটরি স্থাপন; স্বতন্ত্র পরীক্ষা হলের নাম ‘শহীদ মুনির চৌধুরী’ নামকরণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার সময় কলেজের মূল ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজ্ঞান অনুষদের সামনে মানববন্ধনে মিলিত হয়। শেষে একই স্থানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্ট কলেজ শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিম, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক কাজী জহির, ফখরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ নোয়াখালী সরকারি কলেজ। প্রতিষ্ঠার ৫০ বছরে পদার্পণ করলেও প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা হয়নি।