আট দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মবিরতি
মজুরি কমিশন বাস্তবায়নসহ আট দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি, মিছিল ও সমাবেশ করেছেন। ১৫ জানুয়ারির মধ্যে দাবি মানা না হলে তাঁরা পূর্ণদিবস ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত মিলের শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এ সময় তাঁরা মিল এলাকায় দফায় দফায় মিছিল করেন। মিছিল শেষে মিলের প্রধান কার্যালয়ের সামনে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আনোয়ার কামাল, নজরুল ইসলাম, আবদুর রব, আসলাম উদ্দিন প্রমুখ।শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম বলেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে দাবি না মানলে মিলে পূর্ণদিবস ধর্মঘট চলবে।মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমান শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে বলেন, দাবি বাস্তবায়নের ব্যাপারে তাঁর কিছু করার নেই।