আট দফা দাবিতে পলিটেকনিক শিক্ষকদের অবস্থান ধর্মঘট
শিক্ষকদের শূন্য পদ পূরণসহ আট দফা দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা। পলিটেকনিক শিক্ষক সমিতি ও পলিটেকনিক শিক্ষক পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হয়।শিক্ষক নেতারা বলেন, সব সরকার কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বললেও এখনো এ শিক্ষা সবচেয়ে অবহেলিত। দীর্ঘদিন ধরে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শিক্ষক নিয়োগ না দেওয়ায় বর্তমানে ভয়াবহ শিক্ষকসংকট বিরাজ করছে। ফলে শিক্ষার মান ও শিক্ষাব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য দেন পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইদরীস আলী, সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সিকদার, পলিটেকনিক শিক্ষক পরিষদের সভাপতি ফকির মো. আবদুল মান্নান, সাধারণ সম্পাদক তরুণ কুমার নাথ প্রমুখ। আট দফা দাবিতে গত ৮ জানুয়ারি থেকে আন্দোলন করে আসছেন শিক্ষকেরা। তাঁদের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে, আজ বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি, ২২ এপ্রিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট, ২৩ এপ্রিল দাপ্তরিক কাজ থেকে বিরত থেকে মৌন মিছিল নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি এবং ৮ থেকে ১৫ মে পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা। এর পরও যদি দাবি পূরণ না হয়, তবে ২২ মে থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে বলে শিক্ষক নেতারা জানান।