শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থাসহ আট দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল রোববার সকালে সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী।প্রধান দাবিগুলো হচ্ছে: বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান, সোহ্রাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সহকারী প্রক্টর মোহাম্মদ মঈনুল ইসলামসহ প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা, এ বিষয়ে প্রচারপত্র তৈরি ও বিতরণের সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ক্যাম্পাসে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রাখা এবং ক্যাম্পাসে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া ইত্যাদি।লিখিত বক্তব্যে আলী আজগর চৌধুরী জানান, গত ৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রক্টর ও ছাত্র উপদেষ্টাসহ প্রায় ৩০ জন শিক্ষক জীবনের ঝুঁকি নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। মারমুখী ছাত্রদের নিবৃত্ত করার জন্য সহকারী প্রক্টর মঈনুল ইসলাম চেষ্টা করেন। কিন্তু তাঁর এ তৎপরতার একাধিক স্থির ছবির একটিতে বিকৃত ক্যাপশন দিয়ে তাঁকে অন্য পক্ষের মিছিলে নেতৃত্বদানকারী হিসেবে চিহ্নিত করে অপপ্রচার চালাচ্ছে ‘সচেতন ছাত্রসমাজ’ ব্যানারে একটি সংগঠন।লিখিত বক্তব্যে বলা হয়, দেশে এখন যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের প্রক্রিয়া চলছে। এটাসহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন জটিলতার দিকে আবর্তিত হচ্ছে, তখন রাজনৈতিক ফায়দা লুটতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ কায়েমি স্বার্থবাদী মহল অশান্ত করে তুলেছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী, সহসভাপতি অধ্যাপক মুহাম্মদ মুয়াজ্জম হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।