আট দফা দাবিতে শিক্ষকদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক সমাজের ব্যানারে আট দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নতুন কলা ভবনের সামনে থেকে মৌন মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকেরা। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুবকর সিদ্দিকের সঙ্গে দেখা করেন। এ সময় অযোগ্য শিক্ষক নিয়োগ, প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম সম্পর্কে রেজিস্ট্রারের কাছে জানতে চান তাঁরা। পরে রেজিস্ট্রার কার্যালয়ের মূল ফটকের বাইরে তাঁরা অবস্থান কর্মসূচি ও সভা করেন। সভায় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস কুমার চৌধুরী সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক নইম সুলতান, এম এ মতিন, শামসুল আলম, এ টি এম আতিকুর রহমান, মো. জামাল উদ্দীন। সভা শেষে বেলা দেড়টার দিকে আবার তাঁরা রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে শনিবারের মধ্যে ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত, উপাচার্য প্যানেল নির্বাচন, অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধসহ আট দফা দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।অধ্যাপক মানস কুমার চৌধুরী জানান, যেসব বিভাগে নতুন নিয়োগের প্রয়োজনীতা নেই, সেসব বিভাগে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘বিভাগগুলো শিক্ষক নিয়োগের প্রস্তাব করলে সেটি উপাচার্যের কাছে পাঠানো হয়। এর ভিত্তিতেই নিয়োগ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।’ধর্মঘটের ঘোষণা: এদিকে চাকরি স্থায়ীকরণ, জাহাঙ্গীরনগর স্কুল ও কলেজে পোষ্য কোটায় ভর্তির বিধানসহ তিন দফা দাবিতে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হল কর্মচারী সমিতির সদস্যরা।সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল বের করেন তাঁরা। মিছিলটি ক্যাম্পাস ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।দাবি আদায়ে কর্মচারীরা শনি ও রোববার ডাইনিং হলে ধর্মঘট পালনের ঘোষণা দেন। ডাইনিং কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক বলেন, তাঁদের দাবির যৌক্তিকতা সম্পর্কে জানানোর জন্য উপাচার্য প্রাধ্যক্ষ (প্রভোস্ট) কমিটিকে নির্দেশ দিয়েছেন।