ঢাকা জেলা পরিষদের আটটি দরপত্রের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই সব দরপত্রের প্রকৃত প্রাক্কলিত ব্যয় নির্ধারণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিটের ওপর শুনানি নিয়ে আদালত ওই নির্দেশের পাশাপাশি রুল জারি করেন।আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন অধ্যাপক, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে নিয়ে সাত দিনের মধ্যে ওই কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটিকে দরপত্রগুলোর প্রকৃত প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করে চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া রুলে ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী ও সহকারী প্রকৌশলীকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এলজিইডি সচিব, ঢাকা জেলা প্রশাসক, সংশ্লিষ্ট দুজনসহ ছয় বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।পরে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, গত ১৫ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এই আটটি টেন্ডার আহ্বান করা হয়। একই কাজের জন্য দুই জায়গায় দরপত্র আহ্বান করা হয়। এ ছাড়া প্রতিটি দরপত্রে প্রাক্কলিত মূল্য অধিক পরিমাণ দেখানো হয়েছে, যার মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এ কারণে জনস্বার্থে রিট আবেদনটি করা হয়।