আট দলের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গতকাল বুধবার থেকে শহীদ ইসমাইল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৭ শুরু হয়েছে। ১৭ দিনব্যাপী এ টুর্নামেন্টে আটটি দল অংশ নিচ্ছে।
স্থানীয় চাপালী যুব সংঘ আয়োজিত এই টুর্নামেন্ট উপলক্ষে গতকাল বিকেলে শোভাযাত্রা বের হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মো. রেজাউল করিম। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক আজাদ রহমান এতে সভাপতিত্ব করেন। পরে চাপালী ফুটবল মাঠে পায়রা উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি রেজাউল করিম।
বিকেল পাঁচটায় উদ্বোধনী ম্যাচ শুরু হয়। এতে অংশ নেয় ঝিনাইদহ সৌরভ স্পোর্টস দল ও দামোদরপুর স্পোর্টিং ক্লাব। খেলায় সৌরভ স্পোর্টস দল ৬-০ ব্যবধানে জয়ী হয়। বিজয়ী দলের পক্ষে সাব্বির, মেরাজ ও কামাল দুটি করে গোল করেন। তবে খেলায় ম্যাচসেরা নির্বাচিত হন সৌরভ স্পোর্টস দলের টিটো। মাঠে আসা দর্শকেরা সেই খেলা উপভোগ করেন।
৬ মে মাগুরার শালিখা উপজেলার স্মিতা-মুমু স্পোর্টিং ক্লাব ও কালীগঞ্জের রঘুনাথপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি চলবে ২০ মে পর্যন্ত। ওই দিন হবে ফাইনাল খেলা।