পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুলে শিক্ষার্থীদের ভর্তি ফি ও মাসিক বেতন কমানোসহ আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন অভিভাবকেরা। গত রোববার দুপুরে এই বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১২টার দিকে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুলের ফটকের সামনে ‘ছাত্রীদের অভিভাবক ও সচেতন নাগরিকের’ ব্যানারে আট দফা দাবিতে মানববন্ধন করেন অভিভাবকেরা। অভিভাবকদের দাবিগুলো হলো স্কুলের ভর্তি ফি ও মাসিক বেতন কমানো, সম্প্রতি সপ্তম শ্রেণির ছাত্রী দিয়া ঘোষের আত্মহত্যার সঠিক কারণ নির্ণয়, দিয়া ঘোষের শ্রেণিশিক্ষক কল্লোলকে অপসারণ, বিদ্যালয়ের অনিয়ম বন্ধ করা, শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধ করা, অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে অভিভাবক প্রতিনিধি নির্বাচন করা, বিদ্যালয়ের অযোগ্য শিক্ষকদের অপসারণ করা এবং যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া ও বিদ্যালয়ের কোনো শিক্ষককে কোচিং করতে না দেওয়া।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন অভিভাবকেরা। মিছিলটি সুবাস বোস অ্যাভিনিউর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ হয়ে বাহাদুর শাহ পার্ক এলাকায় গিয়ে শেষ হয়৷ মানববন্ধনে ৩০ থেকে ৪০ জন অভিভাবক অংশ নেন।