আট দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দালালদের তিনটি চক্র রয়েছে। একটি চক্র ওই হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যায়। অন্য দুটি চক্র ওই হাসপাতালেই রোগীদের সিরিয়াল ও সিট পাইয়ে দেওয়া এবং চিকিৎসা করিয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়।

গতকাল বৃহস্পতিবার ওই হাসপাতালে অভিযান চালিয়ে এ ধরনের আট দালালকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। জেলা প্রশাসকের নির্বাহী হাকিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দালালদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে র‍্যাব ওই অভিযান শুরু করে।

জানা গেছে, এসব দালাল স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে এভাবে প্রতারণা করে আসছে। তাই র‍্যাবের অভিযানের সময় ওই দালালদের ছাড়িয়ে নিতে সক্রিয় ছিলেন তাঁরা। এর মধ্যে খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার মোল্লা ছিলেন বেশি সক্রিয়। তিনি র‍্যাবের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

গ্রেপ্তার ৮ দালালের মধ্যে ৬ জনকে ১৫ দিনের ও ২ জনকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। হাসপাতালে অভিযান পরিচালনা করেন র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম অংগ্যজাই মারমা।

১৫ দিন করে কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মো. রাজ সরদার, মো. আজমল হোসেন, আবদুল জলিল, সুমন ফরাজি, শেখ বিপুল ও মো. রুবেল। আর মো. রনি ও শেখ শহিদ নামের দুই দালালকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে এনায়েত হোসেন সাংবাদিকদের বলেন, আবু নাসের হাসপাতালে দালালের তৎপরতা খুব বেড়ে গিয়েছিল। এ কারণে প্রতারণার শিকার হচ্ছিলেন রোগীরা। র‍্যাবের কাছে এমন তথ্য আসার পর কোরবানি ঈদের আগে হাসপাতালে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এ সময় হাসপাতালে দালালদের তৎপরতা ধরা পড়ে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সাময়িক অভিযান। দালালের দৌরাত্ম্য বন্ধে র‍্যাব মাঝেমধ্যেই অভিযান চালাবে। একবার গ্রেপ্তার হওয়া কেউ যদি পরে আবার গ্রেপ্তার হয়, তবে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। রোগীদের সেবা নিশ্চিত করতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এর আগে গত ২১ আগস্ট সকালে আবু নাসের হাসপাতাল থেকে পাচার করে নিয়ে যাওয়ার পথে দুই বস্তা ওষুধ আটক করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই হাসপাতালের ভান্ডাররক্ষক দেবপ্রসাদ রায় ও তাঁর শ্যালক দিপংকর সানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনার হেরাজ মার্কেটের ইমা মেডিকেল হল থেকে শেখ রকিবুল আবেদিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।