জয়পুরহাটের কালাই উপজেলায় অভাবী মানুষের কিডনি বিক্রির ঘটনায় আট দালালের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েকজনকে।
গত শুক্রবার কালাই থানার এএসআই মানিকুল ইসলাম মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন ও প্রতারণা করার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন তারেক আজম চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম ওরফে দাউদ, নাফিজ মাহমুদ, আবদুল মান্নান, নুরুন্নবী, রেজাউল ইসলাম, আবদুস সাত্তার ও মিজানুর রহমান। তাঁদের মধ্যে সাত্তার ও মিজানুরকে গত বৃহস্পতিবার আটক করে পুলিশ। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
কালাইয়ে অভাবী মানুষকে লোভ দেখিয়ে ও শারীরিক সমস্যা না হওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কিডনি ও যকৃৎ বিক্রির ব্যবস্থা করতেন দালালেরা। এ ব্যবসা নিয়ে প্রথম আলোয় ‘২০০ অভাবীর কিডনি বিক্রি’ শিরোনামে প্রথম অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয় ২০১১ সালের ৩০ আগস্ট।
কালাই থানার ওসি রমজান আলী জানান, আটক দুই দালালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।