আট দিন ধরে খাওয়ার পানি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা বন্দর পৌরসভায় টানা আট দিন খাওয়ার পানির সরবরাহ নেই। লেবার জেটির পন্টুন সরিয়ে নেওয়ায় পানিবাহী বার্জ (নৌযান) ভিড়তে পারছে না। তাই পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কখন থেকে আবার খাওয়ার পানি সরবরাহ করা হবে তাও নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ।মংলা বন্দর ও পৌরবাসী সূত্রে জানা যায়, প্রায় ৬০ বছর ধরে মংলা বন্দর কর্তৃপক্ষ বন্দর শহরে রেশনিং পদ্ধতিতে খাওয়ার পানি সরবরাহ করে আসছিল। বন্দর কর্তৃপক্ষের নিজস্ব বার্জ খুলনা ও ফয়লা থেকে পানি এনে প্রথমে মংলার লেবার জেটিতে ভিড়ে পাইপ দিয়ে ওভারহেড ট্যাংকে রিজার্ভ করে। পরে টোকেনের মাধ্যমে নিয়মিতভাবে বিক্রি করা হয় শহরবাসীর কাছে। কিন্তু সম্প্রতি লেবারজেটিতে থাকা অকেজো বার্জটি কর্তৃপক্ষ নিলামে বিক্রি করে দেয়। ২ আগস্ট বার্জটি নিলামগ্রহীতা নিয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ সেখানে নতুন করে কোনো বার্জ না দেওয়ায় পানিবাহী নৌযান ভিড়তে পারছে না। ফলে শহরে খাওয়ার পানির সরবরাহ টানা আট দিন বন্ধ থাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।সুপেয় পানির সংকটের কারণে হোটেল-রেস্তোরাঁ ও বাসাবাড়িতে পুকুর, ডোবা ও জলাশয়ের দূষিত পানির ব্যবহার বেড়ে যাওয়ায় পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্যারাডাইস হোটেলের স্বত্বাধিকারী খোরশেদ আলম জানান, সাত দিন বিশুদ্ধ পানির জোগান নেই। তাই বাধ্য হয়েই তাঁদের পুকুরের দূষিত পানি খাওয়াতে হচ্ছে। ব্যবসায়ী কাজল জানান, বাসায় মিনারেল ওয়াটার কিনে খেতে হচ্ছে। পুকুরের দূষিত পানি খাওয়া সম্ভব নয়। বিকল্প বার্জের ব্যবস্থা না করে বন্দর কর্তৃপক্ষ তাঁদের চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে।এ বিষয়ে মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) মো. কাওসার আলী বলেন, নিলাম দেওয়া অন্য বিভাগের কাজ। নিলাম হওয়ার পর যে দিন বার্জ নিয়ে যায়, সেই দিন তাঁরা বিষয়টি জানতে পারেন। ফলে হঠাৎ করে বার্জ সংগ্রহ করা যায়নি। তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব পানি সরবারহের ব্যবস্থা নেওয়া হবে।লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত মংলা পৌরবাসীর অন্যতম প্রধান সংকট সুপেয় পানির। দ্বিতীয় শ্রেণীর এ পৌরসভার বয়স প্রায় তিন যুগ হলেও পৌর কর্তৃপক্ষ এখন পর্যন্ত এখানে পাইপলাইনের মাধ্যমে কোনো সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা চালু করতে পারেনি।