আট দিন পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে নিখোঁজ হওয়ার আট দিন পর সাব্বির (১১) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাতে সদর উপজেলার গোপচর মর্সিনাবন্ধ এলাকায় শীতলক্ষ্যা নদীর শাখা খাল থেকে সাব্বিরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

সাব্বির ওই এলাকার মোবারক মাঝির ছেলে। সে গোপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের প্রথম আলোকে বলেন, আট দিন আগে গোপচর এলাকা থেকে সাব্বির নিখোঁজ হয়। ১৩ মার্চ তার বাবা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। আজ রাতে লাশ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, সহপাঠীদের সঙ্গে কয়েক দিন আগে সাব্বিরের ঝগড়া হয়। এর পর থেকে সাব্বির নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাস রোধ করে হত্যার পর লাশ খালে ফেলে দেওয়া হয়েছে।