রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের লাল্যাঘোনা এলাকার কাচালং নদ থেকে শান্তি লাল চাকমা (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। খুনের দায়ে পুলিশ নিহত ব্যক্তির ছেলে ও ভাইয়ের ছেলেকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই খুনের দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত শান্তি লাল চাকমা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভাই-বোন ছড়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার দুজন হলেন শান্তি লালের ছেলে সোহেল চাকমা (২৫) ও ভাইয়ের ছেলে আলোময় চাকমা (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৬ জুলাই রাতে শান্তি লাল চাকমাকে ডেকে নিয়ে যান সোহেল চাকমা ও আলোময় চাকমা। পরে শান্তি লাল চাকমাকে ছাড়া দুই ভাই ফিরে আসেন। সন্দেহ হওয়ায় পরদিন গ্রামের লোকজন তাঁদের দুজনকে পাশের সেনাক্যাম্পের সদস্যদের হাতে তুলে দেন। সেনাবাহিনী দুজনকে সাজেক থানার পুলিশের কাছে হস্তান্তর করে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই টাকাপয়সা-সংক্রান্ত বিরোধের জের ধরে শান্তি লাল চাকমাকে খুন করেছেন বলে স্বীকার করেন। খুন করার পর লাশ নদে ফেলে দেওয়া হয় বলে তাঁরা পুলিশকে জানান।
গতকাল বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে ৪০ কিলোমিটার দূরে লাল্যাঘোনা এলাকার কাচালং নদে লোকজন একটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে নিহত ব্যক্তির ছোট ছেলে প্রহেল চাকমা (২৩) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য পরিচয় চাকমা শান্তি লালের লাশ শনাক্ত করেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন প্রথম আলোকে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে। শান্তি লালকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সাজেক থানার ওসি মো. নুরুল আনোয়ার বলেন, সোহেল চাকমা ও আলোময় চাকমার বিরুদ্ধে ৭ আগস্ট হত্যা মামলা হয়েছে। তাঁরা জেলহাজতে আছেন।