আট দিন পর বিএনপির প্রার্থী বদলের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীকে সমর্থন দেওয়ার আট দিন পর বিএনপি থেকে আবার চেয়ারম্যান পদপ্রার্থী পরিবর্তন করা হয়েছে। গত রোববার দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেনকে দল সমর্থিত নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন নতুন-পুরোনো দুজনই নিজেকে দলীয় প্রার্থী বলে দাবি করছেন।
রাজশাহীর বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে ৯ ফেব্রুয়ারি জেলা বিএনপির পক্ষ থেকে বাঘায় দল সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষর ছিল। এতে জানানো হয়, জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার সভাপতিত্বে জেলা বিএনপির কার্যালয়ে জরুরি সভায় সর্বসম্মতিক্রমে বাঘায় চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ আলম মামুনকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে।
এই ঘোষণাকে কেন্দ্র করে বাঘায় বিএনপি নেতা-কর্মীদের দ্বন্দ্ব চরমে ওঠে। এই ঘোষণার প্রতিবাদে ১০ ফেব্রুয়ারি বাঘায় বিএনপির নেতারা বিক্ষোভ-সমাবেশ করেন, জেলার নেতাদের কুশপুত্তলিকা দাহ করে তাঁদের বিরুদ্ধে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ তোলেন। বাঘায় জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গণি মণ্ডল চেয়ারম্যান পদের জন্য প্রচারণা চালিয়ে যেতে থাকেন। বিএনপির এই দ্বন্দ্বের সুযোগে জামায়াতের জিন্নাত আলীও চেয়ারম্যান পদ প্রার্থী হয়ে ধুমসে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এদিকে ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির নেতা হারুনুর রশিদ স্বাক্ষরিত ফ্যাক্সবার্তায় জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেনকে বাঘায় চেয়ারম্যান পদে দল সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ওই দিন সন্ধ্যায় জাহাঙ্গীর হোসেন স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এই চিঠির কপি পৌঁছে দেন। তিনি বলেন, এটা কেন্দ্রের সিদ্ধান্ত। তৃণমূল নেতা-কর্মীরা তাঁর সঙ্গে আছেন বলে দাবি করেন এই নেতা।
জাহাঙ্গীর হোসেনকে দলীয় সমর্থন দেওয়ার পর থেকে অবশ্য আব্দুল গণির মাইকিং বন্ধ হয়ে গেছে। তিনি সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও প্রচারণা থামিয়ে দিয়েছেন। মামুন এখনো নিজেকে দল সমর্থিত প্রার্থী দাবি করে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, জেলা বিএনপির দাপ্তরিক প্যাডে তাঁকে এ সমর্থন দেওয়ার কথা জানানো হয়। তিনি উল্টো অভিযোগ করেন, জাহাঙ্গীর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতা হারুনুর রশিদের ব্যক্তিগত প্যাডে দেওয়া চিঠি এনে নিজেকে দল সমর্থিত প্রার্থী বলে বিভ্রান্তি ছাড়াচ্ছেন।
বাঘা পৌর বিএনপির সম্পাদক সুরুজ্জামান সুরুজ বলেন, তাঁরা দুটি চিঠিই পেয়েছেন। আগামীকাল এ নিয়ে তাঁরা বসবেন। সেখানে জেলা নেতাদের আমন্ত্রণ জানানো হবে। সেখানেই করণীয় ঠিক করা হবে।