ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর চৌরাস্তা বাজারের একটি অস্থায়ী গুদাম থেকে ব্যবসায়ী দুই ভাইয়ের চামড়া লুটের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। ঘটনার আট দিন পর গতকাল শুক্রবার সকালে মামলা নেওয়া হয়।
গত ২৩ অক্টোবর হরিজন সম্প্রদায়ের দুই ভাই লালচান ও শেকু রবিচাঁদের প্রায় ছয় লাখ টাকার চামড়া লুট করে দুর্বৃত্তরা।
এলাকার অনেকে জানান, লালচান ও শেকু রবিচান ঈদুল আজহার সময় স্বজন ও মহাজনের কাছ থেকে স্বল্প মেয়াদে ঋণ নিয়ে ২০৭টি গরুর চামড়া ও সাতটি ছাগলের চামড়া কেনেন। এতে দুই ভাইয়ের প্রায় ছয় লাখ টাকা খরচ হয়। তাঁরা চামড়া প্রক্রিয়াজাত-করণের জন্য রসুলপুর চৌরাস্তা বাজারে একটি গুদাম ভাড়া নেন। ২৩ অক্টোবর রাতে রূপক, মজনু ও খলিলের নেতৃত্বে এক দল লোক তালা ভেঙে সব চামড়া নিয়ে যান।
লালচান ও শেকু রবিচান জানান, ঘটনার পরদিন সকালে থানায় অভিযোগ নিয়ে গেলেও পুলিশ মামলা নিতে অনাগ্রহ দেখায়। ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে পুলিশ কালক্ষেপণ করতে থাকে। তবে গতকাল লালচানের অভিযোগ পুলিশ মামলা হিসেবে নিয়েছে।