আট দিনব্যাপী একুশে মেলা ও নাট্য উৎসবের সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনা পৌর মাঠে ‘একুশে মেলা ও নাট্যোৎ​সব’ গতকাল রাতে শেষ হয়েছে। উৎ​সবে ঢাকার বটতলা প্রযোজিত নাটক খনার একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
চুয়াডাঙ্গার দর্শনা পৌর মাঠে ‘একুশে মেলা ও নাট্যোৎ​সব’ গতকাল রাতে শেষ হয়েছে। উৎ​সবে ঢাকার বটতলা প্রযোজিত নাটক খনার একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গার দর্শনায় ‘একুশ আমার জয়—আঁধার করি না ভয়’ স্লোগানে শুরু হওয়া আট দিনব্যাপী ‘একুশে মেলা ও নাট্য উৎসব’ গতকাল রোববার শেষ হয়েছে। ২১ ফেব্রুয়ারি দর্শনা পৌর মাঠে দর্শনা অনির্বাণ থিয়েটার এর আয়োজন করে।
২৩ বছর ধরে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। এবারের উৎসবে দর্শনা ছাড়াও ঢাকা, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গার একাধিক থিয়েটার ও সাংস্কৃতিক সংগঠন নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। গতকাল ক্লোজআপ ওয়ান তারকা মেহেরপুরের উদয় ও তাঁর দলের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শেষ হয়।
২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ও ঢাকের বাদ্যের তালে তালে উৎসবের উদ্বোধন করা হয়। জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান এর উদ্বোধন করেন। এদিন প্রথমা প্রকাশনের প্রকাশিত একাত্তরের চিঠি পড়ে শোনানো হয়। কুদ্দুস বয়াতি ও তাঁর দল লোকসংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত ছয়টি নাটক মঞ্চায়িত হয়। এর মধ্যে ২২ ফেব্রুয়ারি দর্শনা অনির্বাণ থিয়েটারের প্রযোজনায় নাটক জিষ্ণু যারা মঞ্চস্থ হয়। ২৩ ফেব্রুয়ারি বিবর্তন যশোর-এর পাইচো চোরের কেচ্ছা, ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ অঙ্কুর নাট্য একাডেমির শ্রীমতি ভয়ংকরী, ও ২৫ ফেব্রুয়ারি রাজশাহী অনুশীলন নাট্যদলের দণ্ড মঞ্চায়িত হয়। ২৬ ফেব্রুয়ারি অরিন্দম সাংস্কৃতিক সংগঠন চুয়াডাঙ্গার পূর্ব কথন ও ২৭ ফেব্রুয়ারি বটতলা, ঢাকা প্রযোজিত নাটক খনা মঞ্চস্থ হয়। এদিন মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার জন্য চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক ও দর্শনার মহসীন আলীকে ‘গুণীজন সম্মাননা’ দেওয়া হয়। উৎসবে নাটকের পাশাপাশি বিষয়ভিত্তিক আলোচনা, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক ও বাউল গানের আসর বসে।
অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, মাতৃভাষা বাংলা ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এ উৎসবের ধারাবাহিকতা থাকবে।