পটুয়াখালীর বাউফলে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত আট দিনে ডায়রিয়ায় আক্রান্ত অন্তত আড়াই শ লোক উপজেলার সরকারি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। তবে আক্রান্ত মানুষের সংখ্যা আরও বেশি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনজুরুল আলম বলেন, টানা তাপদাহের পর হঠাৎ বৃষ্টি ও রাতে ঠান্ডা আবহাওয়ার কারণে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। আট মাস ধরে হাসপাতালে ডায়রিয়ার স্যালাইন না থাকায় রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া যাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ভিড় দেখা গেছে। বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত ২০ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত আরও ১০ জন শুধু ব্যবস্থাপত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন। জানা গেছে, ১১ এপ্রিল থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আট দিনে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় আড়াই শ রোগী বগা, কনকদিয়া ও কালিশুরী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ডায়রিয়ায় আক্রান্ত ধানদী গ্রামের ফরিদা বেগমের স্বামী লতিফ বেপারি বলেন, ‘আমার স্ত্রী সকাল থেকে অজ্ঞান হয়ে আছে। এখানে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে) স্যালাইন না থাকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইতিমধ্যে পাঁচটি স্যালাইন বাইরে থেকে কিনেছি। তবে আমার পক্ষে বাইরে থেকে স্যালাইন কেনা খুবই কষ্টসাধ্য ব্যাপার।’এদিকে উপজেলার কালাইয়া, নাজিরপুর ও কেশবপুরের বিভিন্ন চরাঞ্চলে ডায়রিয়ায় লোকজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। নাজিরপুর ইউনিয়নের চর মিয়াজান এলাকার আফরোজা বেগম জানান, গত বুধবার রাত থেকে ওই চরে কমপক্ষে ১০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।পটুয়াখালীর সিভিল সার্জন গৌরমণি সিনহা বলেন, ‘আমাদের চাহিদা অনুয়ায়ী স্যালাইন ঢাকা থেকে সরবরাহ করা হচ্ছে না।’