ভারতের ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর। বাংলাদেশে পণ্য রপ্তানিতে ভারতীয় কাস্টমসের নতুন নিয়ম বাতিলের দাবিতে ১৩ ডিসেম্বর থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।ধর্মঘটের কারণে বাংলাদেশ সরকার দুই কোটি ৬০ লাখ টাকার রাজস্ব এবং বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট ১০ লাখ টাকার মাশুল আদায় থেকে বঞ্চিত হয়েছে। বন্দরে কোনো কাজ না থাকায় স্থানীয় ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্টসসহ পাঁচ শতাধিক কুলি শ্রমিক বেকার হয়ে পড়েছেন।বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম আজাদ ও সাধারণ সম্পাদক আবদুর রহমান জানান, ভারতের ব্যবসায়ীরা তাঁদের স্থানীয় হিলি কাস্টমস কার্যালয় থেকে অনুমতি নিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি করে আসছিলেন। গত নভেম্বরে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ মালদা কাস্টমস কার্যালয় থেকে অনুমতি নিয়ে পণ্য রপ্তানির একটি প্রজ্ঞাপন জারি করে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি পণ্য রপ্তানিতে অতিরিক্ত সময় লাগবে বলে ভারতের ব্যবসায়ীরা তা বাতিলের দাবি জানান। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকলে ব্যবসায়ীরা গত ১৭ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। ১৮ নভেম্বর কাস্টমস কর্তৃপক্ষ সিদ্ধান্তটি প্রত্যাহার করে নিলে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়। তাঁরা আরও জানান, মালদা কাস্টমস কর্তৃপক্ষ ১১ ডিসেম্বর আবারও তাদের প্রজ্ঞাপন অনুসারে মালদা কাস্টমস কার্যালয় থেকে অনুমতি নিয়ে পণ্য আমদানি-রপ্তানি করার নিয়ম চালু করে। এরপর ব্যবসায়ীরা ১৩ ডিসেম্বর থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেন।হিলি স্থলবন্দর কুলি শ্রমিক সমন্বয় পরিষদের সম্পাদক মোর্শেদ আলম বলেন, আট দিন ধরে বন্দরে কোনো কাজ নেই। পণ্য ওঠানামার কাজে নিয়োজিত পাঁচ শতাধিক কুলি শ্রমিক বেকার হয়ে পড়েছেন। ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক কুমার মণ্ডল বলেন, আজ মঙ্গলবার কলকাতা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হওয়ার কথা আছে। বুধবারের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহস্পতিবার থেকে এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে তিনি জানান।বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল) বলেন, গত আট দিনে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় পানামা পোর্ট লোকসানের মধ্যে পড়ছে। হিলি বন্দরের কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান প্রথম আলোকে বলেন, ধর্মঘটের কারণে আট দিন ধরে সরকারের দুই কোটি ৬০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। পাশাপাশি এখানকার ব্যবসায়ীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।