আট দিনেও খোঁজ নেই ইলিয়াসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসারের খোঁজ মেলেনি আট দিনেও। গতকাল দৌলতদিয়া যৌনপল্লি, লঞ্চ ও ফেরিঘাট এবং পদ্মা নদী ধরে বিভিন্ন চরাঞ্চলে ব্যর্থ অভিযান চালানো হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ইলিয়াসের বাসার তিন কর্মচারীকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইলিয়াস কখন বাড়ি থেকে বের হয়েছিলেন, তা জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর রূপসী বাংলা হোটেল থেকে বনানীর বাসায় যাওয়ার পথে বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। বনানীর রাস্তায় পাওয়া যায় ইলিয়াসের গাড়িটি। এর পর থেকেই দাবি করা হয়, ইলিয়াস আলীকে খুঁজে বের করতে পুলিশের গুলশান বিভাগ, বনানী থানা, ডিবি, র‌্যাব মাঠে নেমেছে। সরকারের সবগুলো গোয়েন্দা সংস্থা এ নিয়ে কাজ করছে বলেও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, ইলিয়াসের খোঁজে গোয়ালন্দ থানার ওসি আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একাধিক দল দৌলতদিয়া যৌনপল্লি, লঞ্চ ও ফেরিঘাট এবং পদ্মা নদী ধরে বিভিন্ন চরাঞ্চলে অভিযান চালায়। কিন্তু কোথাও খোঁজ মেলেনি। এ অভিযানে গোয়েন্দা পুলিশও অংশ নেয়।গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহামেদ ও দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হাবিব তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি বলেন, ইলিয়াস আলীর এখানে অবস্থানের খবরটি সম্পূর্ণই গুজব।উদ্বিগ্ন ইইউ: বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালকের নিখোঁজ হওয়ার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল ঢাকায় ইইউ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড্রু বার্নাড এক বিবৃতিতে বলেন, ‘ইলিয়াস ও তাঁর গাড়িচালকসহ অন্তর্ধান-সংক্রান্ত সব প্রতিবেদনে আমরা উদ্বিগ্ন। আমরা আশা করব, কর্তৃপক্ষ সর্বশেষ ঘটনাসহ নিখোঁজ হওয়ার সবগুলো ঘটনার ক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্ত চালাবে। অ্যান্ড্রু বলেন, ‘এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে আমরা সংযত আচরণের আহ্বান জানাই। পাশাপাশি সহিংসতার পরিবর্তে সংলাপের মাধ্যমে বিরোধ নিরসনেরও আহ্বান জানাই।’