কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান হত্যার পর আট দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
থানা সূত্র জানায়, ১ জুলাই দুপুরে দূর্বৃত্তরা খুটাখালী বাজারে যুবলীগের নেতা মিজানুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিন রাত সাড়ে নয়টায় তিনি মারা যান। ৩ জুলাই মিজানের ছোট ভাই মুজিবুর রহমান বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি সবাই বিএনপি-সমর্থিত লোকজন।
মামলার বাদী মুজিবুর রহমান বলেন, তাঁর ভাইয়ের হত্যাকারীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। অথচ পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
স্থানীয় লোকজন জানান, খুটাখালী ইউনিয়নের শিয়াপাড়া ও পূর্ব নয়াপাড়া গ্রামে ১ জুলাই রাত থেকে নিহত মিজানের লোকজন প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা, বসতবাড়িতে লুটপাট ও ভাঙচুর চালাচ্ছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে পুলিশকে খুটাখালীতে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করতে হয়েছে। এলাকার লোকজন অভিযোগ করেন, দুটি গ্রামে তাণ্ডব চালানো হলেও পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
শিয়াপাড়ার এলাকার সাবেক ইউপি সদস্য আকতার আহমদের স্ত্রী আলতাজ বেগম (৫৫) বলেন, ১ জুলাই রাতে তাঁর বসতঘরে দুর্বৃত্তদল ব্যাপক তাণ্ডব চালায়। এতে তিনি গুরুতর আহত হন। দুবৃর্ত্তদলের ভয়ে চকরিয়ার কোথাও চিকিৎসা করাতে না পেরে কক্সবাজার হাসপাতালে চিকিৎসা করাই। সেখান থেকে গতকাল সোমবার পুলিশ প্রহরায় এলাকায় আসি।
এদিকে গতকাল সোমবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদ আলম খুটাখালী ইউনিয়নের শিয়াপাড়া ও পূর্ব নোয়াপাড়া গ্রাম পরিদর্শন করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধরে বলেন, সেখানে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন কারও বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চলছে না।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, কাউকে হত্যা করা যেমন মেনে নেওয়া যায় না, তেমনি কারও বাড়িঘরে হামলা ভাঙচুরও মেনে নেওয়া যায় না। পুলিশ একটি তালিকা ধরে এগোচ্ছে।