নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহিউদ্দিন মামুন হত্যা মামলার বাদীর পরিবারের ওপর হামলা চালিয়ে ছয়জনকে আহত করা হয়। এই হামলার ঘটনায় মামলা হয়েছে। এখন পাল্টা মামলা করেছে আসামিপক্ষ।
৮ জুলাই হামলা চালিয়ে নিহত মহিউদ্দিনের পরিবারের নারীসহ ছয়জনকে গুরুতর আহত করার ঘটনা ঘটে। এরপর ১১ জুলাই ভুক্তভোগীরা মামলা দায়ের করেন। ওই মামলার ঘটনায় আট দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৮ জুলাই হামলার ঘটনার পাঁচ দিন পর ১৩ জুলাই ওই হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি সাঈদের চাচাতো ভাই রিপন বাদী হয়ে আড়াইহাজার থানায় পাল্টা মামলা করেন। এই মামলায় আসামি করা হয়েছে মহিউদ্দিন হত্যা মামলার বাদী ঝর্ণা আক্তার, তাঁর ছোট ভাই মাহমুদ শরীফ মাসুম, তাঁর স্ত্রী লিমা আক্তার, মামিশাশুড়ি রোমেনা আক্তার, তাঁর (ঝর্ণা) ভাই মুসলেম উদ্দিন, আমির হোসেন, চাচাতো ভাই আনু ও তাঁর স্ত্রী মাসুদা এবং আত্মীয় আবদুল্লাহকে।
ঝর্ণা আক্তারের ছোট বোন ফারজানা টুম্পা বলেন, ‘আমার ভাই মহিউদ্দিন হত্যা মামলার আসামিরাই আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। ছয়জনকে আহত করেছে। আর এখন আসামি সাঈদের চাচাতো ভাই রিপন হয়রানির উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা করেছে।’
ঝর্ণা আক্তারের অভিযোগ, আসামিপক্ষ তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছে। সাক্ষীরা যাতে সাক্ষ্য না দেয়, সে জন্য তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। আসামিপক্ষ প্রভাবশালী এক সাংসদকে হাত করায় পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না।
মামলার তদন্ত কর্মকর্তা আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ১১ জুলাই হত্যা মামলার বাদীর ভাই মুসলেম উদ্দিনের করা মামলায় কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। এ ছাড়া ১৩ জুলাই মুসলেম উদ্দিনসহ নয়জনের বিরুদ্ধে রিপন নামের একজন পাল্টা মামলা করেছেন। দুটি মামলাই তদন্ত করা হচ্ছ। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বর্তমানে ছুটিতে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।