আট নৌপথে ঝুঁকিপূর্ণ পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের আটটি নৌপথে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন লোকজন। নৌ-চ্যানেলে অসংখ্য ডুবোচর ও মাছ ধরার জন্য ফাঁদজাল বসানোয় এই ঝুঁকির সৃষ্টি হয়েছে।
গতকাল শনিবার দুপুরে শহরের বাঁকখালী নদীর কস্তরা ঘাটে গিয়ে দেখা যায়, শত শত যাত্রী ঝুঁকি নিয়ে নদী ও সমুদ্র পাড়ি দিয়ে মহেশখালী, সোনাদিয়া, চৌফলদণ্ডী, ধলঘাটা, মাতারবাড়ি, কুতুবদিয়া, পেকুয়া, মগনামা যাওয়া-আসা করছেন।
মহেশখালীর গোরকঘাটার যাত্রী শরিফুল ইসলাম বলেন, ‘ছোট তিন ছেলেমেয়েকে ঈদের জামাকাপড় কিনে দিতে স্পিডবোটযোগে কক্সবাজার এসেছি। ছয়জনের ধারণক্ষমতার স্পিডবোটে আগে আটজন করে যাত্রী বোঝাই করা হতো। আর এখন করা হচ্ছে ১২ জন। তা ছাড়া যাত্রীদের লাইফজ্যাকেটও সরবরাহ করা হচ্ছে না।’
সোনাদিয়ার গৃহবধূ কুলসুমা খাতুনও অভিযোগ করেন, নৌযানে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হচ্ছে।
যাত্রীরা বলেন, ভাটার সময় বাঁকখালী নদীর পানি সাগরে নেমে গেলে অসংখ্য ডুবোচর ভেসে ওঠে। তখন যাত্রীবাহী ট্রলার ও লঞ্চ ডুবোচরে আটকে থাকে।
পাঁচ দিন আগে নদীর মোহনায় ডুবোচরে আটকা পড়ে তিনটি মাছ ধরার ট্রলার উল্টে যায়। এ সময় তিনজন নিখোঁজ হন। এর মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, নানা আন্দোলন-সংগ্রামের পরও বাঁকখালী নদী খনন করা হচ্ছে না। ফলে নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
যাত্রীরা জানান, সাগর চ্যানেলে মাছ ধরার কয়েক শ ফাঁদজাল পুঁতে রাখায় মগনামা-কুতুবদিয়া নৌ-পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার রাতে মগনামা থেকে ৫৭ জন যাত্রীবোঝাই একটি নৌকা সাগর চ্যানেলে পুঁতে রাখা ফাঁদজালে আটকা পড়ে উল্টে যাওয়ার উপক্রম হয়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের পাশাপাশি এই পথে চলাচলকারী কোনো নৌযানে লাইফজ্যাকেট রাখা হয় না।
জেটিঘাটের ইজারাদার দিদারুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের আসা-যাওয়া কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু সে তুলনায় নৌযান নেই। তাই অতিরিক্ত যাত্রী পারাপার করতে হচ্ছে। তিনি বলেন, লাইফজ্যাকেট নেই বলে যাত্রীদের সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
কুতুবদিয়া থানার ওসি আলতাফ হোসেন বলেন, লাইফজ্যাকেট ছাড়া যাত্রী পারাপার বন্ধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।