আট পুলিশ কর্মকর্তার সাক্ষ্য, পরবর্তী তারিখ ৩০ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় গতকাল রোববার জেলা ও দায়রা জজ আদালতে পুলিশের আটজন উপপরিদর্শক (এসআই) সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় অভিযোগপত্র দেওয়ার আগে আসামিদের নাম-ঠিকানাসহ বিভিন্ন তথ্যউপাত্ত যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত ছিলেন তাঁরা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ৩০ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে একরামুল হকের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি হাফেজ আহাম্মদ প্রথম আলোকে বলেন, জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে একরাম হত্যা মামলায় গতকাল সাক্ষ্য দেওয়া এসআইরা হলেন শাখাওয়াত হোসেন, বেলাল উদ্দিন, সাজেদ কামাল, সুনিল চন্দ্র সূত্রধর, কামরুল ইসলাম খান, মো. গোলাম আজম, আবদুল মোতালেব ও খোকন চন্দ্র দাস।
সরকারি কৌঁসুলি বলেন, মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৪২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৪৫ জন। তাঁদের মধ্যে ২৮ জন কারাগারে, ১৭ জন জামিনে ও ১১ জন এখনো পলাতক রয়েছেন।