নরসিংদী জেলা আদালতের মূল ফটকে যুগ্ম জেলা ও দায়রা জজ-২-এর বিচারক মো. ইমান আলী শেখকে লাঞ্ছিত করার ঘটনায় গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের আটজন সদস্য আত্মসমর্পণ করেছেন।গতকাল মঙ্গলবার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত ডিবির ওসিসহ চারজনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তিরা গতকাল বিকেলে আদালতে আত্মসমর্পণ করলে আসামিপক্ষের আইনজীবী জেলা পরিষদের প্রশাসক আসাদুজ্জামান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এস এ হাদী তাঁদের জামিনের আবেদন করেন। এ সময় বাদীপক্ষের আইনজীবী অলিউল্লাহ তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করতে আদালতকে অনুরোধ করেন। পরে আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা তদন্ত প্রতিবেদন বিচার-বিশ্লেষণ ও পর্যালোচনা করে মামলার প্রধান আসামি ডিবির ওসি মামুনুর রশিদসহ কনস্টেবল মোখলেছুর রহমান, মাহবুবুর রহমান ও শহিদুল ইসলামের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া আদালত নায়েক আবদুস সালাম, কনস্টেবল কলিম উদ্দিন, সাইফুল ইসলাম ও সঞ্জয় কুমারের বিরুদ্ধে ৩২৩ ধারাসহ ৩৫৩ ধারার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সূত্র আরও জানায়, ১০ জুন জেলা জজ আদালতের প্রধান ফটকে পুলিশের হাতে নির্যাতনের শিকার হন বিচারক মো. ইমান আলী শেখ। এ ঘটনায় ১১ জুন জেলা দায়রা জজ আদালতের নাজির রাকিবুল হাসান বাদী হয়ে ডিবির ওসিসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা সাত-আটজনের বিরুদ্ধে মামলা করেন। পরে বিচারক নিতাই চন্দ্র সাহা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন এবং জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিহাবুল ইসলামকে দায়িত্ব দিয়ে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেন।এরই পরিপ্রেক্ষিতে ১৯ জুন বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে বিচারক নিতাই চন্দ্র সাহা অভিযুক্ত আট আসামিকে ২৭ জুনের মধ্যে আদালতে হাজির করতে পুলিশ সুপারের মাধ্যমে নরসিংদী সদর মডেল থানার ওসিকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল তাঁরা আদালতে আত্মসমর্পণ করেন।