আট পৌরসভায় মেয়র প্রার্থী বাছাই করল আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলার আটটি পৌরসভায় দলীয় মনোনয়ন স্থানীয়ভাবে চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা সভা করে এবং নেতাদের সম্মতি নিয়ে প্রার্থী মনোনীত করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর মধ্যে ছয়টি পৌরসভার মনোনয়ন আগেই ঠিক হয়েছিল। গতকাল সোমবার টাঙ্গাইল ও সখীপুর পৌরসভার প্রার্থিতার বিষয়টি ঠিক করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল টাঙ্গাইল পৌরসভায় মেয়র পদে সাবেক মেয়র জামিলুর রহমান মিরণকে মনোনয়ন দেওয়া হয়। সখীপুর পৌরসভায় মনোনয়ন দেওয়া হয়েছে বতর্মান মেয়র আবু হানিফ আজাদকে।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খানের সভাপতিত্বে গতকাল সোমবার টাঙ্গাইল জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই দুই প্রার্থীর ঘোষণা দেওয়া হয়। সভায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের সাংসদ মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ছাড়াও সংশ্লিষ্ট উপজেলা ও পৌর আওয়ামী
লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মনোনয়নপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

এর আগে ধনবাড়ী পৌরসভায় মঞ্জুরুল ইসলাম তপনকে, মধুপুর পৌরসভায় মাসুদ পারভেজকে, গোপালপুর পৌরসভায় রকিবুল হক ছানাকে. ভূঞাপুর পৌরসভায় মাসুদুল হককে, কালিহাতী পৌরসভায় আনছার আলীকে ও মির্জাপুর পৌরসভায় শাহাদত হোসেন সুমনকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইলের আটটি পৌরসভায় স্থানীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকেবলেন, তৃণমূল থেকে মনোনীত প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকে চূড়ান্ত ঘোষণা এবং প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হবে।