২০১৪-১৫ অর্থবছরের টিআর প্রকল্পের আওতায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের দুলাল মিয়ারহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ ভরাট ও সোলার প্যানেল স্থাপনের জন্য বরাদ্দ হয় ৯৫ হাজার টাকা। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ এখনো বরাদ্দের অর্থ কিংবা সোলার প্যানেল পায়নি।
দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এমন অভিযোগ তুলে ধরেন মাদ্রাসার সুপার মো. সাঈদুল হক। তাঁর ভাষ্যমতে, কেবল তাঁদের মাদ্রাসাই নয়, আশপাশের যতগুলো প্রতিষ্ঠানের নামে টিআর প্রকল্পের অর্থ বরাদ্দ হয়েছে তার সবগুলোরই একই অবস্থা।
অভিযোগ শোনার পর গণশুনানিতে উপস্থিত দুদকের দুই কমিশনার এ এফ এম হামিদুল ইসলাম ও নাছির উদ্দিন আহমেদ এ বিষয়ে ব্যাখ্যা চান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে। তাঁর কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সুবর্ণচর উপজেলা পরিষদের মিলনায়তনে এ গণশুনানি চলে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, টিআইবি ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে শুনানির আয়োজন করা হয়।
উপজেলার আটটি সরকারি দপ্তরের সেবার ওপর এ গণশুনানি হয়। দপ্তরগুলো হলো উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সমবায় কর্মকর্তার কার্যালয় ও সমাজসেবা কর্মকর্তার কার্যালয়। শুনানিকালে এসব দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন। শুনানিতে অংশ নিয়ে নানা অনিয়ম ও হয়রানির বিষয় তুলে ধরেন ভুক্তভোগীরা। তাঁরা এ সময় অভিযোগকারীদের সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন।
শুনানি শুরু হওয়ার আগে একই স্থানে দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন দুদকের দুই কমিশনার এ এফ এম হামিদুল ইসলাম, নাছির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, টিআইবির পরিচালক মো. মনিরুজ্জামান, দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবদুল আলিম ভূঞা, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রুহুল মতিন প্রমুখ।
এর আগে ‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ স্লোগানে সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গণশুনানি শেষে এক অভিযোগকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে অনেককে রেজিস্ট্রেশন করতে দেওয়া হয়নি। তবে তিনি অংশ নিয়েছেন। অংশ নিয়েও তেমন একটা সন্তুষ্ট হতে পারেননি বলে জানান। কারণ অভিযুক্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা পাওয়া যায়নি। শুধু সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে।
শুনানিতে উপস্থিত একাধিক ব্যক্তি বলেন, এখানে যাঁরা মঞ্চে উঠে অভিযোগ করেছেন, তাঁদের আগেই রেজিস্ট্রেশন করতে হয়েছে। হাউস উন্মুক্ত করে দিলে আরও অনেক অনিয়মের বিষয় বেরিয়ে আসত। তাতে হয়তো অনেক ভুক্তভোগী প্রতিকার পেতেন।