আট প্রতিষ্ঠানের গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে অবস্থিত আটটি প্রতিষ্ঠানের শিল্প ও বাণিজ্যিক উদ্দেশ্যে বসানো গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। একই সঙ্গে ওই সব প্রতিষ্ঠানের শিল্পবর্জ্য খালে ও কৃষি জমিতে ফেলা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ১৫ জানুয়ারি রিট আবেদনটি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
আট প্রতিষ্ঠান হচ্ছে: বনফুল অ্যান্ড কোম্পানি (ফুড প্রডাক্টস) ও বনফুল মিনারেল ওয়াটার, আম্বিয়া ডায়িং অ্যান্ড নিটিং মিলস, আম্বিয়া পেপার মিলস, মোস্তফা পেপার প্রডাক্টস, হাক্কানী পেপার অ্যান্ড পালপস, আনোয়ার পেপার মিলস ও শাহ আমানত ডায়িং অ্যান্ড নিটিং।
রুলে ওই এলাকাকে পানি দুষ্প্রাপ্য এলাকা হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। ভূমি, পরিবেশ, স্থানীয় সরকার, কৃষি ও স্বাস্থ্যসচিব এবং আটটি প্রতিষ্ঠানসহ ২৬ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইকবাল কবির বলেন, হাবিলাসদ্বীপ ইউনিউনের হাবিলাসদ্বীপ, চরকানাই, হুলাইন ও পাচুরিয়া গ্রামে ওই আটটি প্রতিষ্ঠান বাণিজ্যিক উদ্দেশ্যে গভীর নলকূপ ব্যবহার করছে। ওখানকার ৩৫০টি হাতে চালিত নলকূপ থেকে পানি উত্তোলন করা যাচ্ছে না। মানুষ পানি থেকে বঞ্চিত হচ্ছে।