আট প্রাদেশিক সরকার গঠনের রূপরেখা ঘোষণা এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে আটটি প্রদেশে ভাগ করে শাসনক্ষমতা পরিচালনার রূপরেখা উপস্থাপন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ‘প্রাদেশিক সরকারব্যবস্থার প্রস্তাবনা’ শীর্ষক এই রূপরেখা অনুযায়ী প্রতিটি প্রদেশেই সরকার থাকবে। প্রাদেশিক পরিষদের আসনসংখ্যা হবে মোট ৬০০। আরও থাকবে আটটি পৃথক হাইকোর্ট, যা সরাসরি কেন্দ্রীয় সরকারের সুপ্রিম কোর্টের অধীনে কাজ করবে। আর কেন্দ্রীয় সরকারকে বলা হবে ফেডারেল সরকার। এই ফেডারেল সরকার একজন গভর্নরের মাধ্যমে প্রাদেশিক সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করবে।গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় পার্টি আয়োজিত দিনব্যাপী এক সেমিনারে এসব পরিকল্পনা উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। প্রদেশগুলোর নাম ও রাজধানীও ঠিক করেছেন তিনি। নাামগুলো হচ্ছে উত্তরবঙ্গ, জালালাবাদ, জাহাঙ্গীরনগর, বরেন্দ্র, জাহানাবাদ, চন্দ্রদ্বীপ, ময়নামতি ও চট্টলা। এরশাদের দাবি, প্রাদেশিক সরকারব্যবস্থা চালু করা হলে আঞ্চলিকতা বা বিভক্তি সৃষ্টির কোনো সুযোগ থাকবে না। উপরন্তু সারা দেশে সুষম ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত হবে।প্রস্তাবিত এ প্রাদেশিক সরকারের আলাদা মন্ত্রিসভা হবে, যার নেতৃত্ব দেবেন একজন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের প্রধান হবেন রাষ্ট্রপতি। সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রী হবেন সরকারপ্রধান। আর প্রদেশের জন্য গভর্নর নিয়োগ দেবে সরাসরি কেন্দ্রীয় সরকার।এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এ প্রস্তাব উত্থাপন করলেও কোনো দলীয় দৃষ্টি নিয়ে এ কাজ করিনি। বরং ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে পড়া ঐতিহ্যবাহী এই ঢাকাকে বাঁচাতে হলে বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই।’ তবে সরকারের সুবিধা ও বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এই রূপরেখা আরও সংশোধন, পরিবর্তন ও সংযোজন করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।সেমিনারে এরশাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য দেন আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক লীগের সভাপতি কাদের সিদ্দিকী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, বিচারপতি আবদুর রউফ, সাবেক উপদেষ্টা আকবর আলি খান, সাবেক মন্ত্রী মিজানুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আশরাফুল হুদা। এ সময় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এবং বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, মোস্তফা জামাল হায়দার, রিন্টু আনোয়ারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।