আট প্রার্থীর পাঁচজনই স্বাক্ষরজ্ঞানসম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি পদে মনোনয়নপত্র জমাদানকারী আট প্রার্থীর মধ্যে পাঁচজনই স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। মাত্র একজন উচ্চমাধ্যমিক উত্তীর্ণ। বাকি দুজন অষ্টম শ্রেণি পাস। নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা যায়।
পৌরসভার ১ নম্বর সংরক্ষিত (১, ২ ও ৩) ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ধানগড়া মধ্য অংশ ডাক্তারপাড়ার নাসরিন খাতুন উচ্চমাধ্যমিক পাস করেছেন। পেশা হিসেবে তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন বলে উল্লেখ করেছেন। এখান থেকে তাঁর বার্ষিক আয় ৩৪ হাজার টাকা। এ ছাড়া ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ৩ লাখ ১ হাজার টাকা বলা হলেও ব্যবসার ধরন উল্লেখ করেননি তিনি। নিজের ২০ হাজার ও স্বামীর ৩০ হাজার টাকা নগদ এবং ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা আছে বলে উল্লেখ করেছেন তিনি। স্থাবর সম্পত্তির মধ্যে স্বামীর নামে ১২ শতাংশ কৃষিজমি ও ৪ শতাংশ জমির ওপর আধপাকা একটি বাড়ি আছে। তাঁর নামে কোনো ফৌজদারি মামলা ও দায়দেনা নেই।
এ ওয়ার্ডের অপর দুই প্রার্থী রনতিথা এলাকার সেলিনা বেগম ও ধানগড়া পশ্চিম এলাকার শামসুন্নাহার লিলি স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। সেলিনা বেগম পেশা হিসেবে মুদির দোকানদার বলে উল্লেখ করেছেন। এখান থেকে তাঁর বার্ষিক আয় ৩ লাখ ১ হাজার টাকা। তাঁর ৬ শতাংশ অকৃষি জমি রয়েছে।
শামসুন্নাহার লিলি মজুত পণ্যের ব্যবসা থেকে বার্ষিক তিন লাখ ও কৃষি খাত থেকে ২০ হাজার টাকা আয় করেন। তাঁর নগদ টাকা ৭ লাখ ১৫ হাজার ও ব্যাংকে আছে পাঁচ হাজার টাকা। নিজ নামে ৪৯ শতক কৃষিজমি ও স্বামীর নামে ৪ শতক জায়গার ওপর একটি বাড়ি আছে। তাঁর নামে একটি ফৌজদারি মামলা হলেও এ বছরের ৮ জুন তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান।
পৌরসভার ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের (৪, ৫ ও ৬) কাউন্সিলর প্রার্থী পূর্ব লক্ষ্মীকোলা দক্ষিণ এলাকার লাকী খাতুন এবং ধানগড়া পূর্ব আংশিক এলাকার হাফিজা খাতুন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। সিমেন্টের ক্ষুদ্র ব্যবসায়ী হাফিজা খাতুনের বার্ষিক আয় ৩ লাখ ১ হাজার টাকা।
মুদিখানার ছোট দোকানের মালিক লাকী খাতুনের বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার টাকা। তাঁর ২৫ হাজার টাকা, আসবাবসহ দুই কক্ষের আধপাকা চৌচালা একটি বাড়ি আছে। তাঁর স্বামীর নামে তিন ভরি সোনা আছে।
এ ওয়ার্ডের আরেক প্রার্থী মাছুমা খাতুন অষ্টম শ্রেণি উত্তীর্ণ। ক্ষুদ্র ব্যবসায়ী এ প্রার্থীর বার্ষিক আয় ব্যবসা থেকে ১ লাখ ৫০ হাজার ও কৃষি খাত থেকে ১০ হাজার টাকা।
পৌরসভার ৩ নম্বর সংরক্ষিত (৭, ৮ ও ৯) ওয়ার্ডের দুই প্রার্থীর একজন রাজীবপুর দক্ষিণ এলাকার নাজমা খাতুন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। পেশায় তিনি তাঁত ব্যবসায়ী। এ প্রার্থীর বার্ষিক আয় ৩ লাখ ১ হাজার টাকা। তাঁর নগদ ৫০ হাজার ও ব্যাংকে পাঁচ হাজার টাকা ছাড়া কোনো সম্পদ নেই।
মহেশপুর মোদকপাড়ার হাসনা হেনা খাতুন অষ্টম শ্রেণি পাস। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী এ প্রার্থীর বার্ষিক আয় ১ লাখ ৯৪ হাজার টাকা। বর্তমান কাউন্সিলর হিসেবে তাঁর বার্ষিক আয় ৩৬ হাজার টাকা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, স্থানীয় পর্যায়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। কাজেই আইনী সমস্যা না থাকলে আগ্রহী যে কেউ আবেদন করলে তাঁর প্রার্থীতা বৈধ বিবেচিত হয়। সচেতন ভোটাররা এ সব প্রার্থীদের মধ্যে থেকেই তাঁদের পছন্দের প্রতিনিধিকে বেছে নেবেন।