আট প্রার্থীর বিরুদ্ধেই মামলা চলছে
পঞ্চগড়ের চার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ চেয়ারম্যান ও তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধেই মামলা রয়েছে। এঁদের মধ্যে তিনজনই জামায়াত-সমর্থিত প্রার্থী।
হলফনামা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জেলা জামায়াতের আমির ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল খালেকের বিরুদ্ধে মুখ্য বিচারিক হাকিম আদালতে আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) শাহরিয়ার আলমের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা বিচারাধীন।
দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল মান্নানের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দুটি মামলা বিচারাধীন। একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আবু তোরাব সরকারের বিরুদ্ধেও আদালতে মামলা চলছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল বারীর বিরুদ্ধে মুখ্য বিচারিক হাকিম আদালতে দুটি মামলা বিচারাধীন। বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জামায়াত-সমর্থক মো. শফিউল্লাহর বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন।
আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমানের বিরুদ্ধে আটোয়ারীর আমলি আদালতে একটি মামলা চলছে। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহজাহানের বিরুদ্ধে আটোয়ারীর আমলি আদালতে একটি মামলা বিচারাধীন।